হাওর বার্তা ডেস্কঃ আগামী সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) নির্বাচনী এলাকায় জমে উঠেছে মাঠের রাজনীতি। আওয়ামী লীগ বিএনপি উভয় দলে একাধিক প্রার্থী থাকায় সবাই মাঠ চষে বেড়াচ্ছেন। কেউ প্রকাশ্যে, কেউবা কৌশলে শুরু করে দিয়েছেন ভোটের রাজনীতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে দলীয় সভানেত্রী নজরে আসতে বিভিন্নভাবে দলীয় সভা-সমাবেশসহ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেকে জানান দিচ্ছেন আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা।
অন্যদিকে দল ক্ষমতায় না থাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ না পেয়ে দলীয় চেয়ারপার্সনের নজরে আসতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরাও বেছে নিয়েছেন ভিন্ন পন্থা। তারা নিজ দলীয় সভা সমাবেশে সরকারের কড়া সমালোচনার মাধ্যমে চেয়ারপার্সনের নজরে আসার চেষ্টা করেছেন। এদিকে জাতীয় পার্টি ও জাসদের মনোনয়নপ্রত্যাশীরাও বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান এমপি আলহাজ মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া মানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহম্মদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও ড. জামাল উদ্দিন অন্যতম।
বিএনপি থেকে যারা মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে তাদের মধ্যে সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ ও বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুল রহমান, আরব আমিরাত প্রবাসী তোফাজ্জল ইসলাম মানিক অন্যতম।
অন্যদিকে জাতীয় পার্টি থেকে দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাসান মঞ্জুর ও চট্টগ্রামের নেতা আ. সাত্তারের নাম শোনা যাচ্ছে।
জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম জুয়েলও নির্বাচন করতে পারেন বলে জানা গেছে। সব দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিগত সময়ে এ আসনে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ থেকে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মোরশেদ আলম ও বিএনপি থেকে জয়নুল আবদীন ফারুক। তবে বিএনপি থেকে একাধিকবার এ আসন থেকে এমপি নির্বাচিত হন জয়নুল আবদীন ফারুক। সংগত কারণেই বিএনপি থেকে তিনি একক প্রার্থী থাকার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় জয়নুল আবদীন ফারুক বিরোধী দলের সঙ্গে স্বৈরচারী আচরণ করতে করতে একপর্যায়ে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও একইরকম আচরণ শুরু করে দেন। যার প্রেক্ষিতে তিনি ধীরে ধীরে সেনবাগে বিএনপি নেতাকর্মীদের অপছন্দের তালিকায় যেতে শুরু করেন। অন্যদিকে সুযোগটি কাজে লাগিয়ে নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন কাজী মফিজুর রহমান। জয়নুল আবদীনের শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেকে তৈরি করে নিয়েছেন।
একটি সূত্র থেকে জানা যায়, ২ জুলাই বিভিন্ন মামলায় আদালত জলনুল আবদীন ফারুককে কারাগারে পাঠালে শুধুমাত্র নেতাকর্মীদের অপছন্দের কারণে সেনবাগ বিএনপির রাজনীতিতে তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।
কারণ হিসেবে জানা গেছে, সেনবাগ বিএনপির রাজনীতিকে জয়নুল আবদীন ফারুক তার ঘরের মধ্যে নিয়ে গেছেন। জয়নুল আবদীন ফারুক মেয়েকে উপজেলা বিএনপির সভাপতি বানানো, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও স্বেচ্ছাচারী মনোভাবসহ নানা অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি এখন প্রায় একঘরে হয়ে পড়েছেন।
সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমানকে বিএনপির নেতাকর্মীরা পছন্দ করলেও জয়নুল আবদীন ফারুকের রোষানলে পড়ার ভয়ে দলীয় নেতাকর্মীরা প্রকাশ্যে কাজী মফিজের হয়ে মাঠে অবস্থান নিচ্ছেন না। কারণ জয়নুল আবদীন ফারুক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। স্থানীয়ভাবে অবস্থান না থাকলেও কেন্দ্রে তার একটি অবস্থান রয়েছে। জনপ্রিয়তার বিচারে কাজী মফিজুর রহমান আগামী নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে পারেন বলে স্থানীয়রা অনেকে মনে করেন।
আওয়ামী লীগের মনোনয়প্রত্যাশীদের মধ্যে বর্তমান এমপি মোরশেদ আলম ১৯৯৬ সালে বেগমগঞ্জ থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়ে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন। পরে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগে যোগদান করে নোয়াখালী-২ (সেনবাগ-আংশিক সোনাইমুড়ি) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মীরা আশা করছিলেন তিনি দলকে সংগঠিত এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সংগঠনে পরিণত করবেন। ৭৩-এর পর দীর্ঘ দিন আওয়ামী লীগ এ আসনে ক্ষমতায় না থাকায় এলাকাটি মূলত আওয়ামী বিরোধীদের ঘাঁটিতে পরিণত হয়। কার্যত এ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের শক্ত কোনো ভিত ছিল না। কিন্তু মোরশেদ আলম সাংগঠনিকভাবে দলকে না গুছিয়ে তিনি মুষ্টিমেয় অসাংগঠনিক ব্যক্তির বলয়ে আবদ্ধ হয়ে যান। দলের ত্যাগী নেতাকর্মীরা তার কাছে ঘেষার সুযোগ হারিয়ে ফেলেন। পুরো নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোরশেদ আলমের দূূরত্ব এতই বেড়ে যায় যে, তার উপস্থিতিতে কোনো সভা সমাবেশ অনুষ্ঠিত হলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি কম দেখা যায়।
অপরদিকে আরেক মনোনয়প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিককে অগোছালো সেনবাগ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিকে গুছিয়ে দলকে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হওয়ার সাংগঠনিক শক্তি অর্জনের দায়িত্ব প্রদান করে জেলা আওয়ামী লীগ। নির্দেশ পেয়ে অপেক্ষাকৃত তরুণ আতাউর রহমান ভূঁইয়া মানিক বহুধাবিভক্ত সেনবাগ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার মিশনে নামেন। নানা প্রতিকূলতা কাটিয়ে তিনি সেনবাগ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে সক্ষমও হন। তিনি এমপি গ্রুপ, জাফর চৌধুরী গ্রুপ, টিপু গ্রুপ নামে পরিচিত খণ্ডিত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে এক মঞ্চে এনে তাক লাগিয়ে দেন। তাছাড়া অর্থবিত্তে প্রতিষ্ঠিত মানিক তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করতে কখনো কার্পণ্য করেননি। যে কারণে তৃণমূল নেতাকর্মীরা ফিরে পেয়েছে তাদের হারানো মনোবল। নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক, সাহায্য-সহযোগিতা, উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা গুণের কারণে তিনি এখন সেনবাগে জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যা আগামী নির্বাচনে মানিককে দলের মনোনয়ন পেতে সহযোগিতা করবে বলে অনেকে মনে করছেন।
দলের মনোয়নপ্রত্যাশী আরেক নেতা হলেন আলহাজ জাফর আহাম্মেদ চৌধুরী। তিনি ১৯৯১ সালে জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হলে তার দলের প্রার্থী মওদুদ আহমদের শোচনীয় পরাজয় ঘটে। সে নির্বাচনে জয়লাভ করেন বিনপির প্রার্থী জয়নাল আবদীন ফারুক। এতে মওদুদ আহমদের সঙ্গে জাফর চৌধুরীর বিরোধ দেখা দিলে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৮ সালে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। ২০০১ সালে তিনি নোয়াখালী-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
অপর মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. জামাল আহমেদ এফসিএ ২০০৮ সালে নোয়াখালী-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি এলকায় নিষ্ক্রিয় হয়ে পড়েন। তবে নেতাকর্মীদের বাইরে নিজস্ব একটা বলয় তৈরি করে তার কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা চালান। কিন্তু তিনি এতে সফল হতে পারেননি। আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি আবার সেনবাগের দলীয় নেতাকর্মীদের বাইরে নিজে নিজে প্রচার-প্রচরণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন জাহাঙ্গীর আলম মানিক দীর্ঘ দুই দশকেরও অধিক সময় আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয়। তিনি এলাকায় দান অনুদানসহ নানাবিধ সামাজিক কাজে জড়িত আছেন। আগামী নির্বাচনে তিনিও মনোনয় চাইবেন বলে জানা গেছে।
Reporter Name 

























