হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত, বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী নিয়োগ, নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালীকরণ, তফসিল ঘোষণা হলে প্রশাসনকে ঢেলে সাজানো, ভোট প্রদানের ক্ষেত্রে নিয়ম, পর্যবেক্ষকদের ক্ষেত্রে নিয়ম, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) আরো কিছু ক্ষেত্রে সংশোধনসহ বিশদ একটি প্রস্তাবনা ইসিকে তুলে দেবে বিএনপি। আজ রোববার সকাল ১১টায় সংলাপে অংশ নিয়ে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে এসব প্রস্তাবনা দেবে দলটি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ প্রতিনিধি দলে সংগঠনের স্থায়ী কমিটির সদস্যসহ এ প্রস্তাবনা তৈরির সঙ্গে জড়িত কয়েকজন থাকবেন বলে জানা গেছে। দলটি নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তারা ইসিকে দেবে না। তবে তারা এ বিষয়ে ইসিকে একটা ধারণা দেবে যে, এ ছাড়া সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।
বিএনপি প্রস্তাবনায় থাকতে পারে, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনই যথেষ্ট নয়। নির্বাচন কমিশনকে সর্বাত্মক প্রশাসনিক ও লজিস্টিক সহযোগিতা প্রদান এবং প্রতিরক্ষা বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমর্থন ও সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা অসম্ভব। এ জন্য একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যতিরেকে এসব সহযোগিতা নিশ্চিত করা এবং সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারে সেই উদ্দেশ্যেই একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রয়োজন।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল তাদের প্রস্তাবনায় কী কী থাকছে সে সম্পর্কে বিশদ উপস্থাপন না করে বলেন, আমরা সংসদ বিলুপ্তির কথা সুস্পষ্টভাবে বলব, সেনাবাহিনী নিয়োগের কথা আমরা সুস্পষ্টভাবে বলব, নির্বাচনকালীন সময়ে যখন তফসিল ঘোষণা হবে তখন প্রশাসনকে যে ব্যবস্থাগুলো নিতে হবে সে বিষয়েও বলব। আরপিওর কোথায় সমস্যা আছে সেটা বলব এবং কী ভোট প্রদানের ক্ষেত্রে কী কী নিয়ম চালু করা উচিত, অবজারভারদের (পর্যবেক্ষক) ক্ষেত্রে কী কী নিয়ম থাকা উচিত- তা বিশদভাবে আমাদের প্রস্তাবনায় থাকবে। সেখানে গিয়ে আমরা লিখিতভাবে আমাদের সমস্ত প্রস্তাব তাদের (ইসি) সামনে তুলব। ইট উইল বি এ ভেরি কমপ্রিহেনসিভ।
তিনি তার দলের এ প্রস্তাবনাকে একটি ‘সামগ্রিক প্রস্তাবনা’ বলে আখ্যায়িত করে বলেছেন, আমি মনে করি যে, এই প্রস্তাবনা একটা মাইলফলক হয়ে থাকবে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গেল বছরের নভেম্বরে ইসি পুনর্গঠনসহ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেছিলেন, তার আলোকেই এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার কাছে পাঠিয়ে এই নতুন প্রস্তাবনার অনুমোদন নেয়া হয়েছে বলে জানা গেছে।
দলের প্রস্তাবে নির্বাচনের সময় বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে। এতে বলা হয়, নির্বাচনকালীন প্রতিরক্ষা বাহিনীকে ম্যাজিস্ট্রিরিয়াল ক্ষমতা প্রদান করে সব নির্বাচনী এলাকায় টহলসহ ভোটকেন্দ্রে ও বিশেষ বিশেষ স্থানে মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যবস্থা ভোট গ্রহণ দিবসের ৭ দিন আগে থেকে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশনা পর্যন্ত স্থায়ী হবে।
এতে তারা আরপিও’র সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রস্তাবও করবে। এতে রয়েছে, আরপিও’র সংজ্ঞাকরণ ক্লজের আর্টিকেল-২তে ‘Law Enforcing Agency’ হিসেবে অন্যান্য বাহিনীর সঙ্গে ‘Defense Services of Bangladesh’ পুনঃস্থাপন করতে হবে। উল্লেখ্য, ২০০৯ সনের সংশোধনীতে ‘Defense Services of Bangladesh’কে এই সংজ্ঞা থেকে বাদ দেয়া হয়েছিলে।)
এ ছাড়া ২০০৮ সালের নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা যেভাবে ছিল, সে অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রস্তাব দেবে বিএনপি। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, সেই সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারিত করা হয়। এটি করা হয়েছিল দুরভিসন্ধি থেকে। এতে বিএনপি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি মাথায় রেখে ১৮ জুন দলের সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচনের কমিশনের সঙ্গে দেখা করে ২০০৮ সালের আগের সীমানা ফিরিয়ে আনার দাবি জানিয়ে এসেছিল।
এ ছাড়াও দলীয় মনোভাবাপন্ন নির্বাচনী কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের অপসারণ, নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে নতুন সরকার দায়িত্ব গ্রহণ পর্যন্ত সরকারের স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, জনপ্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, পররাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখার সুপারিশ রয়েছে বিএনপির এই প্রস্তাবনায়।
এ ছাড়াও ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটার তালিকা নিবন্ধীকরণে যোগ্য সব নাগরিক, রাজনৈতিক নেতাকর্মী, কারাবন্দি ও নানা মামলায় যুক্ত ব্যক্তিদের নেতাকর্মীদের ভোটার করার বিষয়ে এই প্রস্তাবে সুপারিশ থাকার সম্ভাবনা রয়েছে। বিএনপি ইসির সংলাপে দেশ-বিদেশি পর্যবেক্ষক নিয়োগের বিষয়েও সুপারিশ করবে। এতে বলা হয়েছে, নির্বাচনী তফসিল ঘোষণার ন্যূনতম তিন বছরের পূর্বে নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাকে দেশের প্রচলিত আইন সংশিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিবন্ধিত হতে হবে। রাজনৈতিক দলের প্রকাশ্যে আনুগত্য পোষণকারী কোনো প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক করা যাবে না।
প্রস্তাবে রয়েছে, তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে বদলির এখতিয়ার নির্বাচন কমিশনের। বিগত পাঁচ বছরে যে যে কর্মকর্তা জেলা ও উপজেলায় কাজ করেছেন তাদের নতুন এলাকায় বদলি করতে হবে। নির্বাচন কমিশন একটি কমিটি গঠন করবে, যারা ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছে সব পর্যায়ের কর্মকর্তাদের প্রত্যাহার করতে পারবে।
প্রস্তাবে রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা দলের প্রতি আনুগত্য প্রকাশকারী ব্যক্তি নির্বাচন পর্যবেক্ষক হতে পারবেন না- এমন একটি সুপারিশ থাকবে। এছাড়াও নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, নির্বাচন কমিশন পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করবে, প্রতিরক্ষাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার পাশাপাশি নির্বাচন কমিশন কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিতে হবে, ভোটগ্রহণের সময় ব্যালট বাক্স পরিপূর্ণ হয়ে গেলে তা পোলিং বুথেই রাখতে হবে। ভোট গ্রহণের পর খালি ব্যালট বাক্স যদি থাকে তা নিরাপদে রাখতে হবে। এছাড়াও বিএনপি নির্বাচন কমিশনকে অধিকতর শক্তিশালীকরণের জন্য বিভিন্ন প্রস্তাব ওই সংলাপে উত্থাপন করবে বলে জানা গেছে।
বিএনপির তাদের প্রস্তাবনায় আরো যেসব বিষয় আনবে সেগুলো হচ্ছে, আরপিও’র Definition Clause এর আর্টিকেল২৮(৪)(ডি)-এর পর নতুন করে (ই) সন্নিবেশ করতে হবে এবং তা হচ্ছে এই: ভোট গ্রহণের আগে বিভিন্ন বুথে খালি বাক্স সরবরাহের পর অবশিষ্ট শূন্য ব্যালট বাক্স সমূহ, যদি থাকে, এমন নিরাপদস্থানে রাখতে হবে যাতে তা প্রার্থী অথবা নির্বাচনী এজেন্ট অথবা পোলিং এজেন্টদের কাছে দৃশমান থাকে। এছাড়া আরপিও’র আর্টিকেল ২৮(৫)-এর এর শেষাংশ এইভাবে সংশোধন করতে হবে ‘….. ভোট চলাকালে ব্যালট বাক্স পরিপূর্ণ হয়ে গেলে ব্যালট ভর্তি বাক্স বা বাক্সগুলো সংশ্লিষ্ট বুথেই রাখতে হবে যাতে তা সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনী এজেন্ট এবং অথবা পোলিং এজেন্টদের কাছে দৃশ্যমান থাকে।
আরপিও-র আর্টিকেল ৩৬(৪)(এ)তে ‘Open’ শব্দের পর ‘only’ শব্দ যোগ করতে হবে এবং বাংলায় বাক্যটি হবে এই: ভোট শেষে ব্যালট গণনার জন্য কেবলমাত্র ভোট গ্রহণে ব্যবহৃত ব্যালট বাক্সসমূহ খোলা হবে। আর্টিকেল ৩৬(১১)-এর পর নিম্নের লাইন যোগ করতে হবে; প্রিসাইডিং অফিসার তার স্বাক্ষরিত ফলাফল শিট ভোট কেন্দ্রে পোলিং এজেন্টকে হস্তান্তর না করে ভোট কেন্দ্র ত্যাগ করবেন না)
প্রস্তাবনায় রয়েছে, ইসি নির্বাচনের তফসিল ঘোষণার সময় মাঠ পর্যায়ে কর্মরত জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা পদায়নের ব্যবস্থা গ্রহণ করবে। নতুন কর্মকর্তা পদায়নে বিগত ৫ (পাঁচ) বছর বিভিন্ন পদমর্যাদায় ওই জেলায় চাকরিরত ছিলেন এমন কর্মকর্তাদের একই জেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদে পদায়ন করা যাবে না। একইভাবে নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রত্যেক উপজেলা এবং থানায় কর্মরত উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবে। ইতিপূর্বে কোনো সময় যে কোনো পদমর্যাদায় ওই উপজেলা বা থানায় চাকরিরত ছিলেন এমন কোনো কর্মকর্তাদের একই উপজেলায় বা থানায় নিয়োগ প্রদান করা যাবে না।
প্রস্তাবনায় রয়েছে, নির্বাচনের সময়সূচি ঘোষণার প্রাক্কালে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, জনপ্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, পররাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংবিধানের ১২৬ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৫ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে।
নির্বাচনকালীন (নির্বাচন তফিসল ঘোষণার তারিখ থেকে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত) নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের (যেমন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ ইন্সপেক্টর, থানার ওসি, সাব ইন্সপেক্টর, এ এস আই, র্যাবের সকল পর্যায়ের কর্মকর্তা, আনসার, বিজিবি ও কোস্টগার্ড কর্মকর্তা প্রমুখ) বদলি ও পদায়ন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত থাকবে।
প্রস্তবনায় ভোটার তালিকা হালনাগাদকরণ ও নতুন ভোটার নিবন্ধীকরণ করার প্রস্তাব রয়েছে। এতে বলা হয়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা ভোটার হতে অত্যন্ত আগ্রহী। বর্তমানে তারা ভোটার হতে পারছেন না। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এবং জাতীয় অর্থনীতিতে তাদের অবদান বিবেচনায় প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। বহু গণতান্ত্রিক দেশে প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ আছে।
এতে বলা হয়, ভোটার হওয়ার যোগ্য সব নাগরিকের নাম ভোটার তালিকায় নিবন্ধীকরণ করতে হবে। সব রাজনৈতিক নেতা ও কর্মী, যারা ভোটার হওয়ার যোগ্য, কিন্তু বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বর্তমানে কারান্তরীণ রয়েছে, তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদকরণ নিশ্চিত করতে হবে।
প্রস্তাবনায় রয়েছে, ছবিসহ যে ভোটার তালিকা ভোট কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের কাছে থাকে, ছবিসহ অভিন্ন ভোটার তালিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা নির্বাচনী এজেন্টকে প্রার্থিতা বাছাই এর দিনে সরবরাহ করতে হবে। ছবিসহ ভোটার তালিকায় অনেক ক্ষেত্রে ভোটারের ছবি অপরিচ্ছন্ন ও অস্পষ্ট রয়েছে বলে অভিযোগ আছে। এ ক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদের সময় অভিযোগসমূহ আমলে নিয়ে সঠিকতা যাচাইপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, কেবল মাত্র ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ভিত্তিতে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই তারা ভোট দিতে পারবেন।
এতে বলা হয়, প্রত্যেক কেন্দ্রে ভোট গণনার সময় ওই কেন্দ্রের প্রত্যেক বুথে প্রার্থী কর্তৃক নিযুক্ত পোলিং এজেন্টকে অবশ্যই উপস্থিত রাখতে হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোট গণনা শুরু করতে হবে। ভোট গ্রহণ শেষ হওয়া এবং ভোট গণনা শুরুর মধ্যবর্তী সময়ে কোনো বিরতি দেয়া যাবে না।
প্রস্তাবনায় বাংলাদেশ নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হতে পারে। এতে বলা হয়, বর্তমানে কর্মরত নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রশিক্ষণ পদ্ধতিতে নির্বাচনী বিধি-বিধান, ভোটার নিবন্ধিকরন বিধি-বিধান, নাগরিক অধিকার, আচরণ, নিরাপত্তা, জনসংযোগ, মানব সম্পদ ব্যবস্থাপনা, ভোটার প্রশিক্ষণ ইত্যাদি বিষয় সন্নিবেশ করতে হবে।
এতে থাকার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। যেমন আঞ্চলিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, লোকবল বৃদ্ধি, দক্ষতা ও কর্ম পরিধি বৃদ্ধি ইত্যাদি। নির্বাচন কমিশন রাজনৈতিক দলের উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মী এবং সম্ভাব্য পোলিং এজেন্টদের নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করবে। রাজনৈতিক দলের নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদানে সংশ্লিষ্ট রাজনৈতিক দলসমূহকে প্রয়োজনীয় সহায়তা দানের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবে। রাজনৈতিক দলসমূহ কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণে নির্বাচন কমিশন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচন কমিশন কর্তৃক ব্যাপক ভোটার প্রশিক্ষণ প্রচারণা কার্যক্রম পরিচালনা করতে হবে। এই কার্যক্রমে রাজনৈতিক দল, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম এবং বেসরকারি সংস্থাসমূহের সহায়তা নিতে হবে।
বিএনপির প্রস্তাবনায় নির্বাচন কমিশন কর্মকর্তাদের ম্যাজিস্ট্রিরিয়াল ক্ষমতা প্রদান করার কথাও থাকতে পারে। নির্বাচনকালীন, বাংলাদেশ নির্বাচন কমিশন নিজস্ব কর্মকর্তাদের গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (জচঙ) এর ৮৯(এ) অনুচ্ছেদের বিধান অনুসারে বিশেষ আদেশের মাধ্যমে ম্যাজিস্ট্রিরিয়াল ক্ষমতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনী আইন ও বিধি-বিধান ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিবিধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিএনপির প্রস্তাবনায় রয়েছে, নির্বাচনের তফশিল ঘোষণার অব্যবহিত পর থেকে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনী আইন, আচরণবিধি ও অন্যান্য নির্বাচনী বিধি-বিধান ভঙ্গের অভিযোগপত্র এবং নির্বাচন সংশ্লিষ্ট যে কোন বিষয়ে দাখিলকৃত অভিযোগপত্র গ্রহণ ও লিখিত প্রাপ্তি স্বীকার করতে হবে, তাৎক্ষণিকভাবে কার্যকর প্রতিবিধান করতে হবে এবং গৃহীত কার্যক্রম প্রত্যহ জনসম্মুখে প্রকাশ করতে হবে।
বিএনপি জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের ব্যাপারেও সুস্পষ্ট প্রস্তাব দেবে। এতে থাকতে পারে, নির্বাচনী তফশিল ঘোষণার ন্যূনপক্ষে ৩ বছর পূর্বে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিবন্ধিত হতে হবে। কোনো রাজনৈতিক দলের নেতা ও কর্মী কিংবা রাজনৈতিক দলের প্রতি প্রকাশ্য আনুগত্য পোষণকারী কোনো ব্যক্তি বা তার নিয়ন্ত্রণাধীন কোনো পর্যবেক্ষক সংস্থা কিংবা সংস্থার কোনো ব্যক্তি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত হতে পারবেন না।
এতে থাকতে পারে, নির্বাচন কমিশন নির্বাচনী তফসীল ঘোষণার ন্যূনপক্ষে ৩০ দিন আগে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বা ব্যক্তিকে তালিকাভুক্ত করবে। নির্বাচনী তফশিল ঘোষণার ৭ দিনের মধ্যে, নির্বাচন কমিশন কর্তৃক তালিকাভুক্ত জাতীয় ও স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নাম ও পরিচয় এবং তাদের মনোনীত পর্যবেক্ষকদের নাম ও তালিকা প্রকাশ করতে হবে।
আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যাপারে বিএনপি প্রস্তাব দিতে পারে, নির্বাচন অনুষ্ঠানের ন্যূনপক্ষে ৭ দিন পূর্বে আন্তর্জাতিক সংস্থা, বিদেশি পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি রাষ্ট্র কর্তৃক নিয়োজিত পর্যবেক্ষকদের নাম ও তালিকা প্রকাশ করতে হবে।
Reporter Name 

























