হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গারা মিয়ানমারে নিজ চোখে দেখে এসেছেন দোজখের নমুনা। দেখেছেন জীবিত মানুষকে পুড়িয়ে মারতে, শিশুদের আগুনে নিক্ষেপ করতে। এও দেখেছেন প্রকাশ্যে নারীদের ওপর বর্বরতা চালাতে। সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ওপারে দোজখ দেখে এসেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে সরজমিন নতুন গড়ে উঠা উখিয়া উপজেলার থাইনখালীর হাকিম পাড়া বস্তিতে গিয়ে কথা হয় মিয়ানমারের মংডু খিয়ায়ীপাড়া গ্রামের মিনুয়ারা বেগমের সঙ্গে। কথা বলতে গিয়েই কেঁদে দেন তিনি। কাঁদতে কাঁদতে বলেন, মা, বাবা, স্বামী কোথায়, কেমন আছে জানি না। চারদিন ধরে পেটে ভাতের দানা পড়েনি। মিনুয়ারার চোখে মুখে আতঙ্ক। ভয় কাটছে না। ১৪ দিন আগে মিয়ানমারের সেনাবাহিনী হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে পাড়ার অনেকের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। মা বৃদ্ধ, বাবাও বৃদ্ধ ও পঙ্গু। তারা কেউ আসতে পারেননি। মিলিটারি ও মগদের অত্যাচার থেকে বাঁচতে বাবা মা ও ভাই বোনেরা তাকে প্রতিবেশীদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে।
মিনুয়ারা আরো জানান, ৭ দিন পূর্বে পায়ে হেঁটে আমতলী পাহাড়ি সীমান্ত দিয়ে উঁচু পাহাড়, জঙ্গল, ছড়া, খালবিল পেরিয়ে ৪ দিনে প্রায় ১৪ কিলোমিটার পথ হেঁটে আমতলী রেজু খালের পাড়ে আসেন। ওখান থেকে ইজি বাইকে করে থাইনখালীর হাকিম পাড়া বস্তিতে আসেন। মিনুয়ারার মতো পালিয়ে আসা অনেকে জানান, ওখানে বাড়িঘরে আগুন দেয়া হচ্ছে, যুবকদের ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। ধরে ধরে আগুনে নিক্ষেপ করা হচ্ছে শিশু ও নারীদের। আগুনে জ্বালিয়ে দেয়া হচ্ছে গ্রামের পর গ্রাম। চরম ভয়াবহতা চলছে মিয়ানমারে। অনেক নারী-পুরুষের লাশ পড়ে থাকতে দেখেছেন তারা। তাদের দাফন জানাজাও হচ্ছে না। তাদের কাছে মনে হচ্ছে, তারা ‘দোজখ’ থেকে পালিয়ে এসেছেন।
শুক্রবার বেলা ৩টার দিকে কুতুপালং বস্তির আশপাশে গিয়ে দেখা গেছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গার বাঁধভাঙা স্রোত। এ সময় উত্তর মংডুর ফকিরাবাজার থানার লেমচি গ্রাম থেকে আসা লায়লা খাতুনের (২২) সঙ্গেও কথা হয়। কুতুপালং বস্তিতে যাওয়ার পথে চারদিন বয়সী শিশুর মা লায়লার সঙ্গে ছিলেন স্বামী পেঠান আলী। উভয়ের চোখে মুখে ক্লান্তির ছাপ। সেনাবাহিনী ও মগদের নির্যাতনে ঘরবাড়ি ফেলে পালিয়েছেন লায়লা। প্রায় ১৫ কিলোমিটার পাহাড়ি সীমান্ত পেরিয়ে এসেছেন। তারা একই পাড়ার ২৫ জন একসঙ্গে এসেছেন। সঙ্গে ছিল চিড়া, গুড়। খাল ও ছড়ার পানি খেয়েছেন। এখনো লায়লার শরীরে প্রচণ্ড ব্যথা। লায়লা ও তার স্বামী জানেন না, তাদের সন্তানকে শেষ পর্যন্ত বাঁচাতে পারবেন কিনা। ফকিরা বাজার এলাকা থেকে এসে কুতুপালং বস্তিতে আশ্রয় নেয়া ওমর মিয়া (৮০) জানান, পাড়ার চারপাশ ঘিরে ফেলে মগ ও নাসাকা (বিজিপি) বাহিনী। উপর থেকে হেলিকপ্টারে করে বোমা মেরে ঘর জ্বালিয়ে দিচ্ছে। মগ নাসাকা আসার আগেই পাড়ার লোকজন পাহাড়ে লুকিয়ে ছিলেন। ওরা চলে যাওয়ার পর ঘরে ফিরে হাতের কাছে যা পেয়েছেন তাই নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। তার মতে, মিয়ানমারে এমন বিভীষিকাময় পরিস্থিতি কোনো কালে হয়নি। প্রকাশ্যে চলছে বর্বরতা, মানুষ হত্যা। মেয়ে ও শিশুদের গুলি করে না মেরে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। যুবক পুরুষদের হত্যা করা হচ্ছে। আগুনে নিক্ষেপ করার পূর্বে নারী যুবতীদের ওপর চলছে পাশবিক বর্বরতা। তিনি বলেন, মৃত্যুর পর দোজখের আগুনে জ্বলার কথা শুনেছি। কিন্তু যেভাবে মিয়ানমারে নারী, পুরুষ ও শিশুদের আগুনে পুড়ানো হচ্ছে তাতে মনে হচ্ছে কাছ থেকে ‘দোজখ’ দেখে এসেছি।
ভুক্তভোগী আরো কয়েকজন রোহিঙ্গা জানান, তারা এদেশে নতুন এসেছেন। কোনো কিছু জানেন না, চিনেন না। পথে বিভিন্ন পরিচয়ে হুমকি ধমকি দিয়ে যা পারছে ছিনিয়ে নিচ্ছে। কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা বস্তিতে প্রবেশ করা অনেক রোহিঙ্গা দুর্দশার মাঝে দিন কাটাচ্ছেন। সেখানে দেখা দিয়েছে খাদ্য, ওষুধ, চিকিৎসা ও আবাসন সংকট। ৬-৭ দিন পায়ে হেঁটে, পাহাড়, জঙ্গল পেরিয়ে নদী, খাল, সাঁতরিয়ে আসা প্রায় অভুক্ত নারী ও শিশুদের অবস্থা কাহিল। তবুও তারা খুশি মিয়ানমারে মৃত্যুর চেয়ে তারা এখনো বাংলাদেশে এসে বেঁচে আছে।
সংবাদ শিরোনাম
নরক যন্ত্রণা দেখে এসেছেন তারা
-
Reporter Name - আপডেট টাইম : ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
- ৩৮৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ

























