হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের এমপি নেতারা সরকারের ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নিয়মিত উঠান বৈঠকের পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশও করছেন তারা। আর এক্ষেত্রে বাংলাদেশে সবচে বেশি উঠান বৈঠক করা সংসদ সদস্য হিসাবে যার নাম ইতিমধ্যে আলোচিত হয়েছে তিনি সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার।
রোববার থেকে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে তিনি ঢাকায় ফিরে আসলেও পিতার হয়ে জনগণের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরছেন তার বড় ছেলে ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদস্য তারেক বিন হায়দার রাজন।
পিতার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে প্রচার করতে ছাত্রলীগের বিশাল কর্মীবাহিনীকে সাথে নিয়ে প্রতিদিন শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসমাবেশ করছেন। ইতিমধ্যে উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে কাশিমাড়ি, শ্যামনগর সদর, ভুরুলিয়া ও রমজাননগর ইউনিয়নে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন তিনি। এমপি পুত্রের এমন উদ্যোগটি ব্যাপক প্রশংসিত হয়েছে এলাকার জনগণের কাছে।
Reporter Name 

























