হাওর বার্তা ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনের নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা প্রকাশ্যে মাঠে নামলেও, বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রে লবিং চালানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। এ ছাড়া জাতীয় পার্টিসহ অন্য দলের নেতারাও নির্বাচনকে সামনে রেখে তৎপর রয়েছেন।
প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর প্রার্থী হিসেবে মাঠে নামায় এ আসনটিতে নির্বাচনী হাওয়া বেশ জোরেশোরে বইতে শুরু করেছে। এ ছাড়া মাগুরা-১ আসনের এমপি এটিএম আবদুল ওয়াহ্হাব বিভিন্ন সভা-সমাবেশে অংশ নেয়ার পাশাপাশি চালাচ্ছেন নির্বাচনী তৎপরতা।
মাগুরা সদরের ১৩টি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসন (সংসদীয় আসন-৯১)। ১৯৯৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আসনটি আওয়ামী লীগের দখলে রয়েছে। ৯৬ থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন পর্যন্ত ৪টি সংসদ নির্বাচনে এ আসনটিতে এমপি ছিলেন প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর। ২০১৫ সালের ৯ মার্চ সিরাজুল আকবর এমপির আকস্মিক মৃত্যুর পর এ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) আবদুল ওয়াহ্হাব।
এমপি আবদুল ওয়াহ্হাব আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা থেকে মাঝেমধ্যে নির্বাচনী এলাকায় এসে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তবে জেলা আওয়ামী লীগের কর্মসূচিগুলোতে তার তেমন উপস্থিতি চোখে পড়ছে না। জেলা আওয়ামী লীগ নেতা ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার ব্যাপক দূরত্ব আছে এমন অভিযোগ অনেকেরই। যা তার প্রার্থিতা ও আগামী নির্বাচনে অংশগ্রহণে নেতিবাচক প্রভাব ফেলবে বলে অনেকেরই ধারণা।
তবে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, এমপি হিসেবে তিনি রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন। বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। তিনি দাবি করেন তৃণমূল জনগণ তার সঙ্গে আছে। তিনি আশা করছেন, দলীয় মনোনয়ন পেলে আবারো বিজয়ী হবেন। দলের সঙ্গে দূরত্বের ব্যাপারে তিনি বলেন, দলের নেতাদের সঙ্গে তার কোনো দূরত্ব নেই।
অন্যদিকে এ আসনে আওয়ামী লীগের অপর মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আছাদুজ্জামান এমপির ছেলে সাইফুজ্জামান শিখর। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক নিয়মিত তৎপরতায় অংশ নিতে ঢাকা থেকে মাগুরায় আসছেন। দলমত নির্বিশেষে সব মানুষের আস্থার নেতা মরহুম আছাদুজ্জামানের ছেলে হিসেবে জেলার রাজনীতিতে সাইফুজ্জামান শিখরের একটি অবস্থান রয়েছে। পাড়া-মহল্লার বিভিন্ন সামাজিক কার্যক্রম থেকে শুরু করে নির্বাচনী এলাকায় সভা-সমাবেশে ব্যাপকভাবে অংশ নিচ্ছেন তিনি। জেলা, উপজেলা, পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। সর্বপরি নেতাকর্মীরা মনে করছেন, দলের মধ্যে মতপার্থক্য থাকলেও প্রকাশ্যে কোনো গ্রুপিং না থাকায় মাগুরায় ক্ষমতাসীন দলের গোটা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সাইফুজ্জামান শিখরকে ঘিরেই।
অন্যদিকে সাইফুজ্জামান শিখরের পক্ষে তার বড় বোন মহিলা এমপি কামরুন লাইয়া জলিও তার রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখছেন। তিনিও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ অধিকাংশ নেতার দাবি, সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী। সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলার রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে তিনি ব্যাপক সহযোগিতা পাচ্ছেন। তার পিতাকে মাগুরার মানুষ বারবার এমপি নির্বাচিত করেছেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। মাগুরার রেললাইন, ২৫০ শয্যা হাসপাতাল, বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল চালু, নবগঙ্গা ব্রিজ, এলাংখালী সেতুসহ জেলার অন্তত অর্ধশত উন্নয়ন কার্র্যক্রম বাস্তবায়নে তার অবদান রয়েছে। এ ছাড়া জেলার খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করায় দলমত নির্বিশেষে তার প্রতি মানুষের ব্যাপক আস্থা তৈরি হয়েছে। যে কারণে তিনি দলীয় মনোনয়ন পেলে ভোটাররা তাকে সহজে গ্রহণ করবেন।
মনোনয়ন পেয়ে বিজয়ী হলে জেলার উন্নয়ন আরো বেগবান হবে উল্লেখ করে সাইফুজ্জামান শিখর বলেন, নির্বাচন কমিশনারের নীতিমালা মেনে এমপি নির্বাচনের লক্ষ্যে অনেক আগে থেকেই প্রধানমন্ত্রীর অবৈতনিক একান্ত সহকারী হিসেবে কাজ করছি। জেলাবাসী চাইলে নির্বাচিত হয়ে বাবার মতো দেশ ও মানুষের জন্য সব ধরনের আত্মত্যাগে প্রস্তুত। সে লক্ষ্যেই ছাত্র জীবন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমি সব সময় মাগুরার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের সুখ-দুঃখের অংশীদার হয়েছি।
অন্যদিকে দলীয় কোন্দল বিভক্তিতে জড়িয়ে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত বিএনপির প্রায় হাফ ডজন নেতা মাগুরা-১ আসনে দলীয় মনোনয়নের চেষ্টা চালাচ্ছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য জেলা বিএনপির সাবেক সভাপতি দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা কবীর মুরাদ, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও আরাফাত রহমান কোকোর মামা শ্বশুর সৈয়দ মোকাদ্দেস আলী, মাগুরা পৌরসভার সাবেক মেয়র ও ২০০৮ সালে চারদলীয় জোটের প্রার্থী বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল আকতার খান কাফুর, জেলা বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য বহুল অলোচিত ট্রাকে পেট্রলবোমা হামলায় ৫ শ্রমিক হত্যা মামলার আসামি হয়ে সিঙ্গাপুরে অবস্থানরত মনোয়ার হোসেন খান।
কবীর মুরাদ তার প্রার্থিতার ব্যাপারে বলেন, বিএনপির চরম দুঃসময়ে তিনি ৮ বছর মাগুরা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার জীবনটাই আন্দোলনের মধ্য দিয়ে কেটেছে। আন্দোলন করতে গিয়ে বিভিন্ন অত্যাচার নির্যাতন ও মামলার শিকার হয়েছেন। দলের একজন সিনিয়র নেতা হিসেবে দলের জন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি মনোনয়ন পাবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুকাদ্দেস আলী। তিনি বলেন, দলের জলগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুঃসময়েও দলের সঙ্গে ছিলেন। বর্তমানে মাঠ পর্যায়ে দলকে গোছাতে কাজ করে যাচ্ছি। যে কারণে আমি মনোনয়ন পেলে দলে কোনো বিভেদ থাকবে না।
ইকবাল আকতার খান কাফুর বলেন, তিনি দু’বার মাগুরা পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। একাধিকবার এমপি ইলেকশন করেছেন। সর্বশেষ ২০০৮ সালে ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে সামান্য ভোটে হারলেও মাঠ পর্যায়ে নেতাকর্মী ভোটাদের সঙ্গে রয়েছে তার নিবিড় সম্পর্ক। যে কারণে তিনি মনোনয়ন পেলে সহজে জয়ী হবেন।
অপর প্রার্থী আহসান হাবিব কিশোর বলেন, ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। যুবদলের পর জেলা বিএনপির সর্বশেষ কমিটির সহ-সভাপতি ছিলাম। বর্তমানে জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। রাজনীতিতে যথেষ্ট ত্যাগ রয়েছে। মাগুরায় বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। আগামীতে বিএনপির মূল ধারার বাইরে কেউ মনোনয়ন পাবেন না। যে কারণে আমি দলের মনোনয়ন পাব বলে আশা করছি।
বিএনপির হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালে ২১ মার্চ মাগুরার মঘির ঢালে পেট্রলবোমায় ৫ শ্রমিক হত্যা মামলার আসামি হয়ে দেশ ছেড়ে সিঙ্গাপুরে নির্বাসিত জীবনে থাকা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন খান মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানিয়েছেন, তিনি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী হলেও ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলা মাথায় নিয়ে দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। যে কারণে দল তাকে মূল্যায়ন করবে বলে তার বিশ্বাস। তিনি দাবি করেন বিগত দিনে মাগুরার মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন। তৃণমূলের সঙ্গে তার ছিল নিবিড় সম্পর্ক। যে কারণে মনোনয়ন পেলে তিনি বিজয়ী হবেন।
এ ছাড়া শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর উপজেলা বিএনপির একাংশের সভাপতি বদরুল আলম হিরো দলীয় মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম জানান, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে, সব নেতাকর্মী তার পক্ষেই কাজ করবে।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা হাসান সিরাজ সুজা জানিয়েছেন, পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ ৩০০ আসনে প্রার্থী দেবেন বলে ঘোষণা করেছেন। যে কারণে নির্বাচনে তিনি জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাগুরা-১ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া জেলা জাসদের সভাপতি এটিএম মহব্বত আলী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে প্রার্থী হবেন বলে জানিয়েছেন।
Reporter Name 

























