হাওর বার্তা ডেস্কঃ ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং পরবর্তী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মাঠের বিরোধী দল বিএনপি। রায় ও পর্যবেক্ষণের ফলে সরকারের মধ্যে সৃষ্ট অস্থিরতাকে পুরোপুরি কাজে লাগাতে চায় দলটি। রাজনীতির পাশাপাশি আইনগত সুবিধা নেয়া যায় কিনা সে লক্ষ্যে রায় ও পর্যবেক্ষণের চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। দলের সিনিয়র কয়েকজন আইনজীবী এ নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে তারা কয়েক দফা বৈঠকও করেছেন। শুধু ষোড়শ সংশোধনী নয় এসব আলোচনায় বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনীর রায়ের বিষয়টিও আসছে। ওই রায়ের বিরুদ্ধে রিভিউ করা যাবে কিনা তা নিয়েও আলোচনা করেছেন তারা।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমরা যারা বিরোধী দলে আছি গত ৯ বছরে আদালতে কোনো সুবিচার পাইনি। কিন্তু তারপরও বলব, ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে উচ্চ আদালত যে রায় দিয়েছেন তা উঁচুমানের। এতে দেশের সত্যিকার সামাজিক এবং রাজনৈতিক অবস্থা তুলে ধরা হয়েছে। যা আমরা ৯ বছর ধরে বলে আসছি। আমরা দেশ ও জনগণের স্বার্থে সোচ্চার ছিলাম তা আদালতের পর্যবেক্ষণে আজ প্রমাণিত। তাই বর্তমান সংকট তৈরির জন্য সরকারি দলই দায়ী।’ উচ্চ আদালতে জনমনের মতামতই প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মওদুদ আহমদ আরো বলেন, রায়ে অপ্রাসঙ্গিক কোনো পর্যালোচনা নেই। যেসব মন্তব্য রয়েছে তার সবই সঙ্গতিপূর্ণ। এ রায়ে বিচার বিভাগের স্বাধীনতাকে সমুন্নত রাখতে একটি অবিস্মরণীয় ভূমিকা রাখবে। তিনি বলেন, সরকার আজ বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ রায়ের বিরুদ্ধে সরকারি দলের রাজনৈতিক অবস্থান বিচার বিভাগের স্বাধীনতার ওপর একটি চরম আঘাত। রায়টা না পড়ে শুধু সংবাদপত্রে প্রকাশিত খবর পড়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আওয়ামী লীগ এ বিষয়টাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। তবে এতদিন পর তারা সোজা পথে এসেছে। এখন তারা রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এতদিন যে আন্দোলন এবং প্রধান বিচারপতির ওপর বিভিন্ন অশ্লীল বক্তব্য দিয়ে বিচার বিভাগের যে ক্ষতি করা হল তার পরিণতির দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা এখন রায়ের পর্যবেক্ষণগুলো দলীয় ফোরামে গভীরভাবে বিশ্লেষণ করছি। এখান থেকে আইনগত কোনো সুবিধা নেয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র এক সদস্য বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকছে বিষয়টি আজ স্পষ্ট হয়েছে। তবে রায়ের পর্যবেক্ষণে তারা (বিএনপি) অবশ্যই রাজনৈতিকভাবে লাভবান হয়েছেন। আওয়ামী লীগ এ রায় নিয়ে যত উদ্বেগ প্রকাশ করবে জনগণের কাছে ততই সরকারের দুর্বলতার দিক স্পষ্ট হবে। এ নেতার কাছে প্রশ্ন ছিল, রায়ের পর্যবেক্ষণ বিষয়ে আইনগতভাবে বিএনপির লাভবান হওয়ার কী সুযোগ আছে- উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই আছে’। যারা বোঝার তারা এতদিনে বুঝে গেছেন। বিশেষ করে সরকার তো বুঝেছে। তাই তাদের এত মর্মজ্বালা। তিনি জানান, রায়ের পর্যবেক্ষণের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতেই আদালতে যাওয়া যায়। যেমন, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদে আছেন তাদের বিষয়ে। এছাড়া অকার্যকর সংসদ কিভাবে চলতে পারে- এমন প্রসঙ্গ সামনে এনে প্রতিকার চাওয়া যাবে।
বিএনপির এ সিনিয়র নেতা আরো বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে ওই সময়ের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তার পর্যবেক্ষণে বলেছিলেন, আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। শুক্রবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত তার সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেন, ‘ইচ্ছে করলে তা করা যেতে পারে। তিনি বলেন, সংসদ এটা করেনি। তবে সর্বোচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণের বিরাট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। তিনি তা উল্লেখ করেন।’
এখন প্রশ্ন হল, সাবেক এ প্রধান বিচারপতি এখনও বলছেন, তার দেয়া ওই পর্যবেক্ষণের বিরাট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। তাহলে কেন তা কার্যকর হবে না। তাই এ রায় নিয়েও রিভিউর সুযোগ রয়েছে। এছাড়া ৫ জানুয়ারি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা নিয়েও দেশের যে কোনো সংক্ষুব্ধ নাগরিক আদালতে যেতে পারেন। তিনি বলেন, তবে আজ হোক কাল হোক আমরা (বিএনপি) আদালতে যাব। তবে কবে যাব সেটি সময়ই বলে দেবে।
এদিকে এ বিষয়ে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেন, বিএনপির এসব চিন্তা-ভাবনার আইনগত কোনো ভিত্তি নেই। সবই তাদের দিবাস্বপ্নে পরিণত হবে। কারণ জনগণ তাদের সঙ্গে নেই। নির্বাচনে হেরে যাবে বলে তারা এখন পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
সূত্র: যুগান্তর
Reporter Name 

























