হাওর বার্তা ডেস্কঃ সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে ছাত্রশিবির। হামলাকারীরা ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার বেলা ১টার দিকে সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূরুল আমিনের ছেলে শাহীন আহমদ (২২) ও নগরীর উপশহরের জালাল উদ্দিনের ছেলে, জালালাবাদ কলেজের ছাত্র আবুল কালাম আসিফ (১৮)। আহতদের মধ্যে শাহীন মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী ও আসিফ ছাত্রলীগের দর্শন দেউড়ি গ্রুপের কর্মী বলে জানা গেছে।
আহতদের প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহত শাহীনকে বিকালে ঢাকায় পাঠানো হয়।
জানা গেছে, গতকাল সোমবার বেলা ১টার দিকে ৫/৬টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন যুবক এসে ছাত্রলীগের ওই দুই কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহতদের মধ্যে শাহীনের অবস্থা আশংকাজনক।
শাহীনের ডানহাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে তা রক্ষা করা সম্ভব হবে না। বাম হাতেও তিন স্থানে ফ্রাকচার আছে। দুই পায়ে একাধিক গভীর ক্ষত। কেন্দ্রীয় ছাত্রলীগ এর সহ-সভাপতি, ডা: কাজী মাহবুব এর নেতৃত্বে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ শাহীনকে পর্যবেক্ষণে রেখেছে।
আহত শাহীনের ভাষ্যমতে, হামলার মূল হোতা শিবির এর সাথী ফাত্তাহ। সাথে ছিলো শিবির এর আরেক সাথী জাকির বক্স সিলেট শহরের মদিনা মার্কেট এলাকায় বাসা। এই দুজনকে শাহীন চিনতে পেরেছে। মূলত জালালাবাদ কলেজে শিবিরের কমিটি ও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধা মনে করায় ফাত্তাহ এর নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলায় আহত অপর ছাত্রলীগ কর্মী আসিফ অনেককেই চেনে বলে জানায়।
সিলেটের কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
Reporter Name 

























