হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানির এক পর্যায়ে বিচারক ড. আখতারুজ্জামান বলেন, আসামি বেগম খালেদা জিয়ার জন্য তো এ মামলার কার্যক্রম বসে থাকবে না। তাঁর অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে। তিনি যদি এক বছরেও না আসেন আমরা তো সে পর্যন্ত অপেক্ষা করব না।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান দুই মামলার শুনানিকালে এসব কথা বলেন।
পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ৩ আগস্ট নতুন করে দিন ধার্য করেন।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে শুরু হওয়া এ মামলার কার্যক্রম আরম্ভ হয় সকাল সাড়ে ১১টায়। বিচারক এজলাসে উঠার পর পরই দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, বিজ্ঞ আদালত প্রধান আসামি খালেদা জিয়া উপস্থিত নেই। তিনি আদালত থেকে সময় না নিয়ে লন্ডনে চলে গেছেন। তিনি কখন ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই। আজকে তাঁর আত্মপক্ষ সমর্থনের ওপর বক্তব্য দেওয়ার দিন ধার্য ছিল। আমি মনে করি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়া হবে। যদি তিনি বক্তব্য না দেন তাহলে আদালত তাঁর মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ আমরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করতে চাই।
বেগম খালেদা জিয়া অনুপস্থিত থাকলে তাঁর মামলা মুলতবি রাখা হবে উচ্চ আদালতের এমন কোনো আদেশ আমাদের হাতে নেই। তাই আমি মনে করি মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
জবাবে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, বিজ্ঞ আদালত বেগম খালেদা জিয়া উচ্চ আদালতের দেওয়া জামিনের ভিত্তিতে তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। উনার জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন। তাই এ মামলা ম্যাডাম খালেদা জিয়া আসা পর্যন্ত স্থগিত রাখা হোক। এ ছাড়া আমরা এ মামলার ১১ জন সাক্ষীর জেরা ও পুনঃজেরার আবেদন করেছি। আমাদের এ আবেদনগুলো অনুযায়ী সাক্ষীদের আমরা পুনঃজেরা করতে চাই।
এ জবাবে মোশাররফ হোসেন কাজল বলেন, বিজ্ঞ আদালত তারা এ মামলায় জেরা ও পুনঃজেরা করতে শুরু করতে চায়। তারা সাক্ষী রিকলের (পুনঃজেরা) আবেদন করেছেন। মামলার এ পর্যায়ে এসে রিকলের আবেদন করতে হবে? এটি হতে পারে না। তারা এ মামলাকে ঝুলিয়ে রাখার জন্য সব রকমের ঔষধ ব্যবহার করেছেন। আগে ছিল পুনঃতদন্তের আবেদন।
এ বিষয়ে হাইকোর্ট থেকে তারা আদেশ নিয়ে আসলেন। এমন আদেশ নিয়ে আসেন যে, তারা আদালতে এসে আর উপস্থাপন করেন না! মামলার শেষ পর্যায়ে এসে বলছেন সাক্ষীকে জেরার কাজ বাকি আছে। আমরা আবার জেরা করতে চাই। উনারা একই বিষয়ে ঘুরিয়ে-ফিরিয়ে আপনার কাছে এসেছেন। এ মামলার মোট ৩২ জন সাক্ষী। সবাই ইতিপূর্বে সাক্ষী দিয়ে গেছেন। তাদের সব কার্যক্রম শেষ। অথচ খালেদা জিয়ার আইনজীবীরা এসে আবার বলছেন সাক্ষীদের রিকল করার দরকার। আমরা তাদের জেরা করব। এটা হাস্যকর বিষয়! আমি বলব বিজ্ঞ আদালত আপনি তাদের এসব আবেদন না মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুরু করেন।
এ সময় বিচারক ড. আখতারুজ্জামান বলেন, ‘আপনারা সব বিজ্ঞ আইনজীবী। আমি মামলার নথি থেকে দেখলাম—আপনাদের নাম সবার ওপরে। এসব সাক্ষীর ইতিপূর্বে কেন জেরা করলেন না। আমি কি মামলার শেষ পর্যায়ে এসে আবার নতুন করে শুরু করব?’
বিচারক বলেন, মামলার ৬০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের একটি প্রজ্ঞাপনেও মামলার নিষ্পত্তির বিষয়ে আমার ওপর নির্দেশনা রয়েছে। আসামি খালেদা জিয়া যদি এক বছর পর্যন্ত দেশে না আসেন তত দিন পর্যন্ত আমি মামলা মুলতবি রাখতে পারব না। আমাকে মামলার কার্যক্রম এগিয়ে নিতে হবে।
এ পর্যায়ে খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেন, ‘বিজ্ঞ আদালত আপনার মধ্যে একটি বিষয় কাজ করছে সেটি হলো এ মামলায় আমরা শুধু মুলতবি নিচ্ছি। কিন্তু উচ্চ আদালত ইতিপূর্বে এটাও বলেছে ন্যায়বিচার করতে হবে। আর ন্যায়বিচার করতে হলে তাড়াহুড়া করা যাবে না।’
এ পর্যায়ে আদালত সাক্ষীদের পুনঃজেরা ও জেরার আবেদন খারিজ করে দেন। একইসঙ্গে দুটি মামলার পরবর্তী শুনানি আগামী ৩ আগস্ট দিন নির্ধারণ করেন।
অন্যদিকে, আদালত একই সঙ্গে অসুস্থতার জন্য খালেদা জিয়ার হাজিরার ক্ষেত্রে যে সময়ের আবেদন করেছেন, তা মঞ্জুর করেছেন। খালেদা জিয়াকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদনটি মুলতবি করে দিয়ে আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন।
গত ২০ জুলাই এ গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সাবেক এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া, আমিনুল ইসলাম, মাসুদ আহমেদ তালুকদার।
সানাউল্লাহ মিয়া জানান, আদালতে এ মামলার নয় সাক্ষীকে জেরা ও দুই সাক্ষীকে পুনঃজেরার আবেদন করা হয়েছিল। আদালত তা নাকচ করে দিয়েছেন। তবে খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছেন।
আজ আদালত আসামি শরফুদ্দিন ও জিয়াউল ইসলাম মুন্নার আত্মপক্ষ সমর্থনে বক্তব্যের নির্দেশ দেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।
এ মামলার অপর আসামিরা হলেন—খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
অন্যদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে জানা যায়,জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
Reporter Name 

























