হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ইসহাক মিয়া মারা গেছেন। আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসহাক মিয়ার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তিন ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন।
হৃদরোগের সমস্যা নিয়ে শনিবার রাতে ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া। এ ছাড়া দীর্ঘদিন ধরে নানা জটিল ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানায়।
খোরশেদ আলম সুজন জানান, রাজনীতির পথচলায় ইসহাক মিয়া ১৯৭০-এর নির্বাচনে গণ পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এ ছাড়া চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন।
আওয়ামী লীগের হয়ে চট্টগ্রামে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইসহাক মিয়া।
দীর্ঘ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সকালে মৃত্যুর পর তার মরদেহ নগরীর আগ্রাবাদের হাজী পাড়ায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যান।
Reporter Name 

























