হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রামপাল বিষয়ে সরকার কোনও মিথ্যাচার করছে না। ইউনেস্কো কিছু ছোট ছোট শর্ত দিয়েছে, দেশ জনগণ ও পরিবেশের স্বার্থে সরকার সেগুলো পূরণ করবে। বিএনপির অভ্যাসই হলো মিথ্যাচার এবং কান্নাকাটি করা, তারা পুরনো সেই রেকর্ড বাজিয়েই চলেছে।
আজ রবিবার সকালে দলের খুলনা বিভাগীয় সমাবেশে যোগদানের আগে যশোর শহরতলীর রাজারহাট মোড়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংএ তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের সড়ক নির্মাণে দুর্নীতির বিষয়ে বলেন, করাপশান ইজ এ ওয়ে অব লাইফ অ্যাক্রোস দ্য ওয়ার্ল্ড! দুর্নীতি ছিল, কিন্তু অনেক কমিয়েছি। এখন টেন্ডার হয় ইলেক্ট্রনিক টেন্ডারের মাধ্যমে; সেকারণে এখানে টেম্পারিংয়ের কোনও সুযোগ নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্র্রে দুর্নীতি। আমাদের প্রধানমন্ত্রী সৎ; তাঁর সততার কারণে অনেক সেক্টরে দুর্নীতি কমানো হয়েছে। সেক্ষেত্রে এ ধরনের অভিযোগ অনেকটা অমূলক।
আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব পার্সেন্টেজ, কমিশন এবং প্রমোশনে কোনও অর্থ নেয় না। যদি কোনও মন্ত্রণালয়ের সচিব দুর্নীতিমুক্ত থাকেন, সেক্ষেত্রে ওই মন্ত্রণালয়ে দুর্নীতি অটোমেটিক্যালি ৫০ পার্সেন্ট কমে যায়।
বাংলাদেশের সড়কে বেশি অর্থব্যয় হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের যে রাস্তা ছিল ৪ লেনের, এখন আলটিমেটলি তা হচ্ছে ৮ লেনের। এর সঙ্গে যুক্ত হয়েছে সার্ভিস লেন। বিদেশিরা পূর্বের সেই ৪ লেনের রাস্তার হিসেব দিচ্ছে। আমরা তাদের এ বিষয়ে বুঝিয়েছি। তাছাড়া আমাদের দেশের মাটির অবস্থাটিও বিবেচনায় রাখতে হবে। অনেক নিচু জমি উঁচু করা লাগে।
রামপাল বিষয়ে বিএনপির বক্তব্যের বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তারা মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাচ্ছে। আওয়ামী লীগ মিথ্যাচারের রাজনীতি করে না। যা প্রকাশ্য দিবালোকের মতো সত্য, সেই কথাটিই আমরা বলছি।
বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে তাদের কর্মীদের জন্যে কষ্ট হয় বলে। কিন্তু তারাতো আমাদের হাজার হাজার কর্মীকে হত্যা করে রক্তস্রোত বইয়ে দিয়েছে। আমাদের কাঁদতে কাঁদতে এখন চোখের পানি শুকিয়ে গেছে। তবে, বিএনপির প্রতি এটি তাদের প্রতিশোধ নয় বলে তিনি জানান।
Reporter Name 
























