এক সময়ের বামপন্থি ডাকসাইটে ছাত্রনেতা। এখন পুরোদস্তর আওয়ামী লীগার। ব্যক্তি জীবন কি দীর্ঘ রাজনৈতিক জীবনে এতটুকু সম্মানহানি হয়নি তার। তিনি মতিয়া চৌধুরী। নিজের যোগ্যতায় দলীয় সভাপতি শেখ হাসিনার আস্থার প্রতিদান দিচ্ছেন। পুরস্কারও তিনি পেয়েছেন। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন, ততদিন ধরেই কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মতিয়া। মন্ত্রিসভায় মতিয়ার মত দ্বিতীয় জন আর কেউ নেই।
আন্দোলনে সংগ্রামের দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এ নির্বাচনের বিজয়ের মাধ্যমে সরকার প্রধান হন বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গঠিত মন্ত্রিসভায় স্থান পান অগ্নিকন্যা হিসেবে পরিচিত মতিয়া চৌধুরী।
দায়িত্ব পেয়ে দেশের কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন করেন মতিয়া চৌধুরী। তিনি দায়িত্ব নেয়ার আগে সার-বীজ সংকটে দিশেহারা ছিল কৃষক। বিএনপি সরকারের আমলে সারের দাবিতে আন্দোলনরত ১৭ কৃষককে গুলি করে হত্যাও করা হয়। কিন্তু কৃষিমন্ত্রী হলে চকম দেখান মতিয়া। আর এরপর আর কখনও সার সংকটের কথা শোনা যায়নি, বিশেষ করে তিনি যখন এই মন্ত্রণালয় সামলেছেন।
মাঝে অবশ্য ২০০১ থেকে ২০০৮ সালের শেষ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। কিন্তু মতিয়ার দেখানো পথ তথনও কাজে দিয়েছে। আর ২০০৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত আরও শানিত হয়েছে সে পথ।
আওয়ামী লীগের বর্তমান আমলে কৃষিক্ষেত্রে ভর্তুকির ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু হয়েছে। ভর্তুকির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। পাশাপাশি কৃষি যন্ত্রপাতি কিনলে ৩০ শতাংশ ভর্তুকিও দিচ্ছে মন্ত্রণালয়।
১৯৯৬ সালে দায়িত্ব নেয়ার কয়েক বছরের মধ্যেই মতিয়ার দৃঢ় পদক্ষেপে খাদ্য ঘাটতির বাংলাদেশ হয়েছে খাদ্য উদ্ধৃতের দেশ। ২০০১ সালে যখন রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ তখন দেশের খাদ্য উদ্ধৃত ছিল ৪০ লাখ মেট্রিক টন।
এরপর জোট সরকারের পাঁচ বছরে আবার খাদ্যে ঘাটতি দেখা দেয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর আবার শেখ হাসিনার মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পান মতিয়া চৌধুরী। আবারও খাদ্যে উদ্বৃত্ত হয় দেশ। হাওরে চলতি বছর অকাল বন্যায় ফসলহানির পরও দেশে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কাই নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
কেবল দুই পুর্নকালীন সরকারে নয়। ২০১৩ সালে গঠিত নির্বাচনকালীন সরকারেও কৃষিমন্ত্রীর দায়িত্বে থাকেন মতিয়া। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মাধ্যমে পুনরায় গঠিত মন্ত্রিসভায়ও কৃষিমন্ত্রীর দায়িত্বপান অগ্নিকন্যা।
আওয়ামী লীগের নেতারা জানান, মতিয়া চৌধুরী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক। আন্দোলন সংগ্রামে তিনি সব সময়ই শেখ হাসিনার পাশে থেকেছেন। এমনকি ১/১১ সরকারের সময়ও তিনি দলীয় সভাপতির মুক্তি আন্দোলনে কাজ করেছেন।
আওয়ামী লীগ নেতারা জানান, ১৯৯১ সালে বিএনপির সরকার এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন মতিয়া চৌধুরী। আন্দোলনের কারণে তারে উপর অনেক নির্যান করা হয়েছিল। মতিয়া চৌধুরীকে নির্যাতন করা হচ্ছে এমন অনেক ছবি ওই সময় গণমাধ্যমেও প্রকাশ হয়েছিল। যাতে শুধু আওয়ামী লীগের নয়, দেশের রাজনীতি সচেতন নাগরিকদের মনে নাড়া দেয়। এ কারণে দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিককে সবসময়ই পাশে রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘটনাবহুল রাজনৈতিক জীবন তার। রয়েছে নানা দুর্বিসহ স্মৃতি। একবার-দুইবার নয়, ১৫ বার জেলে গেছেন। বছরের পর বছর আত্মগোপনে কাটিয়েছেন। কিন্তু মাথা নত করেননি। আর্থিক সমৃদ্ধির প্রলোভন দেখানো হয়েছে। তবুও নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি।
অগ্নিকন্যার জন্ম ১৯৪২ সালের ৩০ জুন। পিরোজপুরের নজিপুর উপজেলার মাহমুদকান্দায় তার পৈতৃক নিবাস। পিতা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন মাদারীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। মা নুরজাহান বেগম গৃহিণী। লেখাপড়ায় হাতেখড়ি মুন্সীগঞ্জের লৌহজংয়ের এক গৃহশিক্ষকের কাছে।
পিতার চাকরির সুবাদে মতিয়া চৌধুরীর শৈশব কেটেছে মাদারীপুর, নারায়ণগঞ্জ ও জামালপুর শহরে। ১৯৫৮ সালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বদরুন্নেসা গার্লস কলেজ ম্যাট্রিক পাস করেন। কলেজে ভর্তি হয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যোগ দেন। ১৯৬০ সালে তৎকালীন ইডেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ১৯৬২ সালে বিএসসি পাস করেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৭৩ সালে ন্যাপের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মতিয়া। ১৯৭৯ সালে ন্যাপ ছেড়ে যোগ দেন আওয়ামী লীগে। ১৯৮৬ সালে দলের কৃষি সম্পাদকের পদ পান। ২০০২ সালে দলের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ সালের ১৮ জুন পারিবারিকভাবেই খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের হাতে হাত রেখে নতুন জীবন শুরু করেন। ২০০৮ সালে তাঁর স্বামী মৃত্যুবরণ করেন।
নিজের সাফল্যের কথা কখনও প্রচার করে বেড়ান না মতিয়া। কিন্তু তিনি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।
পরে মতিয়া চৌধুরীর একজন ব্যক্তিগত কর্মকর্তা বলেন, ‘আপা আত্মপ্রচারে নিয়োজিত থাকতে চান না কখনও। এ বিষয়ে তিনি কিছুই বলবেন না।’
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক গোবিন্দ চক্রবর্তী বলেন, ‘ছাত্র জীবন থেকে মতিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের দুর্নীতি-স্বজনপ্রীতি বা অন্য কোনো অভিযোগ আসেনি। মতিয়া চৌধুরী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক। তাকে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, সেটা তিনি সুচারুভাবে পালন করেছেন। তিনি মন্ত্রী হিসেবে যেমন সফর, রাজনীতিবিদ হিসেবেও পক্ষ, পরীক্ষিত আবার শেখ হাসিনার প্রতি অনুগত-বিশ্বস্তও। এরই পুরস্কার পেয়েছেন তিনি।’
গোবিন্দ চক্রবর্তী বলেন, মতিয়া চৌধুরী সফল নারী নেতৃত্বের আগের উদাহরণ। প্রধানমন্ত্রী চান নারীরা অন্য সব ক্ষেত্রের মত রাজনীতিতেও সফল হোক। আর মতিয়া সেটি করেছেন। এ কারণে প্রধানমন্ত্রী নারী হিসেবেও মতিয়ার সঙ্গে অনেকটা স্বাচ্ছন্দ বোধ করেন।’
Reporter Name 























