আর কত বয়স হলে বয়স্কভাতা পাবেন গগন আলী হাওলাদার। এমন প্রশ্ন এলাকাবাসীর। গগন আলী হাওলাদারের বয়স ১১৯ বছর। তার স্ত্রীর জামেনা খাতুনের বয়স ৮০ বছর। কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে তাদের বাস। ইউনিয়ন পরিষদের মেম্বারকে ভোট দেয় না বলে তাদের ভাতা দেয় না- এ কথাটি বলতে চেয়েও চেপে গেলেন জামেনা খাতুন। বর্তমানে ওই ইউনিয়নে নির্বাচন সম্পন্ন না হলেও নিজস্ব আইনের মাধ্যমে সাবেক চেয়ারম্যান মেম্বারই ভাগবাটোয়ারা করেন সবকিছু। সরজমিন উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে গেলে সন্ধান মেলে তালুকদারহাট সংলগ্ন পূর্ব পাশের বাড়ির গগন আলী হাওলাদারের।
ছোট্ট একটি দালানে তাদের বসবাস। জমিজমা বলতে ওই বাড়ির সামান্য ৩/৪ কাঠা ভূমি। তার ৪ ছেলের মধ্যে ২ জন জীবিত। ৫ মেয়ে তাদের সংসার নিয়ে ব্যস্ত। নাতি নাতনি ১২ জন, পুতি ৩ জন। একটি আধভাঙা খাটে শোয়া ছিলেন গগন আলী হাওলাদার। স্ত্রী জামেনা খাতুন লোক দেখে আড়ালে চলে যান। গগন আলী হাওলাদার চোখে দেখতে পান না, শারীরিকভাবে অসুস্থ। তাদের জীবন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের একপর্যায়ে ভোটার আইডি কার্ড চাইলে তা বের করে দেন জামিনা খাতুন। আইডি কার্ডে গগন আলীর জন্ম তারিখ ১০ এপ্রিল ১৮৯৮। জামিনার ২৬ জুন ১৯৩৮। জামিনা বলেন, তাদের এক ছেলে সৌদি আরবে থাকেন। সেখানে তার আয় খুবই সামান্য। তার জমানো আয় দিয়ে এ ঘরটি নির্মাণ করেছেন। স্ত্রী সন্তান রয়েছে তার। তাই তাদের সংসার চালাতে কষ্ট হয়। আর এক ছেলে ঢাকায় ছোট চাকরি করে। তাদের পাঠানো সামান্য টাকাতেই চলতে হয়। বয়স্কভাতা পান কিনা জিজ্ঞাসা করায় বলেন, মেম্বারকে অনেকবার বলেছি। কখনো বলে তোমাদের ছেলে বিদেশে থাকে, আবার বলে তোমরা আমার লোক না। এ বিষয়ে ওই এলাকার সাবেক মেম্বার ফারুখ মল্লিকক বলেন, আমার কাছে তারা চায়নি। শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (যিনি এখনো পরিষদের আর্থিক লেনদেন বাদে সব কার্যক্রম নিজ স্বাক্ষরে পরিচালনা করেন) সিকদার মো. দেলোয়ার হোসেন বলেন, আমার কাছে কোনো আবেদন করেনি। চেয়ারম্যান মেম্বারদের কাছে আবেদন করতে হবে কেন- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা জানবো কি করে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. গোলাম কবির বলেন, তিনি ফাইল বের করে ওই ইউনিয়ন থেকে পাঠানো তালিকা দেখেছেন। ওই মেম্বারকে ফোন করেছেন কেন এরা ভাতা পেলেন না জানতে। তিনি আরো বলেন, এখন যে তালিকা হচ্ছে তাতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
সংবাদ শিরোনাম
১১৯ বছরেও বয়স্কভাতা পাননি গগন আলী
-
Reporter Name - আপডেট টাইম : ১১:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭
- ৪১১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ


























