বাংলাদেশ-ভারত বন্ধুত্ব নতুন মাত্রা যোগ করতে তিনদিনের সফরে শুক্রবার ভারত সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হবে। এমনটিই আশা করছে দুদেশের নীতিনির্ধারকরা।
শেখ হাসিনাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দিল্লি। দিল্লীর গুরুত্বপূর্ণ সড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি শোভা পাচ্ছে। ভারত ও বাংলাদেশের পতাকা পাশাপাশি উড়ছে রাস্তার দু’পাশে।
চার দিনের সরকারি সফরে শেখ হাসিনা থাকবেন নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে, ভারতের কূটনীতিকদের দৃষ্টিতেও যা বিরল ঘটনা।
ভারতের হাইকমিশন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা শুক্রবার বিকেলে দিল্লিতে পৌঁছার পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার সাথে সাক্ষাৎ করবেন।
বাসস জানায়, ৮ এপ্রিল এখানে হায়দ্রাবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার পর একগুচ্ছ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।
বিকেলে মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী ভারতীয় সৈনিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধে নিহত ৭ শহিদ ভারতীয় সেনা পরিবারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পত্র প্রদান করবেন।
প্রধানমন্ত্রী ৯ এপ্রিল সকালে আজমীর শরীফ যাবেন। সেখানে খাজা মঈনউদ্দিন চিশিতি (রহ.)-এর দরগাহ শরিফ জিয়ারত করবেন। একইদিন বিকেলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দেখা করবেন। পরে তিনি রাষ্ট্রপতি প্রদত্ত এক নৈশ ভোজে যোগ দেবেন। এদিন প্রধানমন্ত্রী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
১০ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ীদের এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেলে ঢাকার উদ্দেশে দিল্লী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
Reporter Name 























