গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে জঙ্গি হামলার ঘটনার মূলহোতাদের মধ্যে মেজর জিয়া অন্যতম। তাকে ধরিয়ে দিতে পুলিশ প্রধান ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণার পর ফের আলোচনায় এসেছে দেশে জঙ্গিবাদের হোতা হিসেবে অভিহিত সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়ার নাম। বর্তমানে পলাতক মেজর জিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে। মেজর জিয়ার বাবার নাম সৈয়দ জিল্লুল হক। জিয়ার গ্রামের বাড়িতে এখন কেবলই নীরবতা।
গত রমজান মাসে ঈদের ৩-৪ দিন আগে যাকাত দিতে বাড়িতে এসে আবার ঢাকায় চলে যান জিয়া। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মেজর জিয়ার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িটি খুবই নিস্তব্ধ। জিয়ার ঘরে তালা ঝোলানো। বাড়িতে কেয়ারটেকার ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। ওই কেয়ারটেকার কথা বলা দূরে থাক, ভয়ে কাছেই আসেননি।
তবে জিয়ার দূর সম্পর্কের মামা পরিচয়ে মুহিব নামের একজন জানান, সৈয়দ জিয়াউল হক জিয়ার বাবা-মা ঢাকায় থাকেন। আর জিয়া প্রায় ৭-৮ বছর ধরে বাড়িতে আসেননি। তার বাবা সৈয়দ জিল্লুল হক প্রায়ই ঢাকায় যান।
তিনি জানান, সৈয়দ জিয়াউল হক মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলে ভর্তি হয়েছিলেন। পরে পরিবারের সঙ্গে তিনি ঢাকায় চলে যান। সেখানে উত্তরায় হলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজ ভর্তি হন এবং পরে সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। মেজর জিয়াউল হক তার বাবা-মায়ের একমাত্র ছেলে। তার দুই বোন রয়েছে।
জিয়াউল হকের প্রথম স্ত্রী তার মামাতো বোন ক্যান্সারে মারা যান জানিয়ে মুহিব বলেন, ‘প্রথম স্ত্রীর ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। তিনি আবার বিয়ে করেন পটুয়াখালীতে। এ সংসারেও দুটি সন্তান রয়েছে।’
‘তার আচরণ দেখে কারও মনে হয়নি যে, জিয়া জঙ্গি কর্মকাণ্ডে জড়িত’, বলেন মুহিব।
সংবাদ শিরোনাম
মেজর জিয়ার গ্রামের বাড়ি এখন নীরব-নিস্তব্ধ
-
Reporter Name - আপডেট টাইম : ০৪:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
- ৩৯২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ


























