বাংলাদেশের সংবাদমাধ্যমসমূহকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার আগে প্রতিকূল পরিবেশে বেশ কয়েকটি সংবাদপত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবান জনতার মাঝে ছড়িয়ে দিতে অসাধারণ ভূমিকা পালন করেছে।
দৈনিক আজাদ, মিল্লাত, ইত্তেহাদ, ইত্তেফাক ও সংবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, এই গুটিকয়েক পত্রিকা পূর্বপাকিস্তানের মানুষকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে জনগণকে সম্পৃক্ত ও উদ্দীপিত করতে ঐতিহাসিক ভূমিকা রেখেছে।
“আর এখন সংবাদমাধ্যমের ভূমিকা দেখলে মনে হয়, দেশে কোনো সরকার নেই। যার যা ইচ্ছা, বলে দিচ্ছে। যার যা ইচ্ছা তাই করছে। এত স্বাধীন, তবু গঠনমূলক ভূমিকা রাখতে পারছেনা’।
তিনি মন্তব্য করেন, আগে পত্রিকা চালাত সরকার না হয় সম্পাদক আর এখন পত্রিকা চালায় মালিকরা। অনেক মালিক আছেন, যারা নিজের নাম পর্যন্ত ঠিকমত লিখতে পারেন না, কিন্তু খবরদারি করতে ছাড়েন না।
মন্ত্রী বলেন, ‘আমি সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের দোষ দিইনা। সাংবাদিকদের হাত পা বাধা থাকে মালিকের কাছে’।
তিনি বলেন, স্বাধীনতা একদিনে আসে নাই। ২৩ বছরের আন্দোলনের ফসল হলো আমাদের আজকের স্বাধীনতা। তৎকালীন সময়ে আমাদের কথা বলবে এমন সংবাদপত্র কম ছিল। আর যেসব পত্রিকা ছিল তাদের সবাইকে অনেক জুলুম- নির্যাতন সহ্য করে কাজ করতে হয়েছে । যা বঙ্গবন্ধুর নেতৃত্বে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল । আমি আশা করব বর্তমানে যেসব পত্রিকা আছে তারাও মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবুল খায়ের এর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, ঢাকা-২০ আসনের এমপি, এম এ মালেক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক ড. বদিয়ার রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক আক্তার হোসেন এবং প্রেস ক্লাবের উপদেষ্টা, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির এবং টিএসসির পরিচালক পরিচালক বশির আহমেদ।
Reporter Name 























