বর্ষাকাল হোক কিংবা শীত, মশার উপদ্রব যেন সারা বছরই লেগে থাকে। বিশেষ করে সন্ধ্যা হলেই ঘরের আনাচকানাচে থেকে বেরিয়ে আসে মশা। মশার কামড়ে চুলকানি, অস্বস্তি তো রয়েছেই, পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকিও থাকে।
তাই মশা থেকে বাঁচতে অনেকেই বাজার থেকে কয়েল, স্প্রে কিংবা তরল মশা মারার ওষুধ কিনে আনেন। কিন্তু দিনের পর দিন এসব পণ্য ব্যবহার করতে গেলে খরচও কম হয় না।
তবে ঘরেই থাকা একটি পরিচিত উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন মশা তাড়ানোর স্প্রে। উপাদানটি হলো নিমপাতা। গ্রাম থেকে শহর, প্রায় সব জায়গাতেই নিমগাছ দেখা যায়। নিমপাতার রয়েছে কিছু প্রাকৃতিক কীটনাশক বৈশিষ্ট্য, যা পোকামাকড় নিয়ন্ত্রণে কাজে লাগতে পারে।
তাই বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন নিমপাতার মিশ্রণ। তবে মনে রাখবেন, এই ঘরোয়া স্প্রে মশা দূর করার নিশ্চিত উপায় নয়। এটি মশা নিয়ন্ত্রণের অন্যান্য ব্যবস্থার পাশাপাশি ব্যবহার করতে পারেন।
নিমপাতার স্প্রে তৈরি করতে যা যা লাগবে
এই স্প্রে তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। হাতের কাছের কয়েকটি জিনিস দিয়েই বানিয়ে নিতে পারবেন। ১ কাপ তাজা বা শুকনো নিমপাতা, ২ কাপ পানি, ১ চা চামচ নিম তেল, একটি পরিষ্কার স্প্রে বোতল।
যেভাবে তৈরি করবেন নিমপাতার স্প্রে
প্রথমে এক কাপ নিমপাতা নিয়ে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। পাতায় যেন ধুলাবালি বা ময়লা লেগে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এবার একটি পাত্রে দুই কাপ পানি ও নিমপাতা দিয়ে মাঝারি আঁচে ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নিন। পানির রং কিছুটা বদলে গেলে বুঝবেন, নিমপাতার নির্যাস পানিতে মিশেছে।
নির্দিষ্ট সময় ফুটানোর পর চুলা বন্ধ করে দিন। পাত্রটি নামিয়ে মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হতে দিন। গরম অবস্থায় বোতলে ভরবেন না। এবার একটি পরিষ্কার ছাঁকনি বা পাতলা কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। চাইলে এতে এক চা চামচ নিম তেল মেশাতে পারেন। তবে তেল ও পানি সহজে মেশে না।
তাই ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। তৈরি মিশ্রণটি একটি পরিষ্কার স্প্রে বোতলে ভরে নিন। এবার বাড়ির জানালা, দরজা, পর্দার আশপাশে এবং মশা বসতে পারে এমন জায়গায় অল্প করে স্প্রে করুন। তবে খাবার, রান্নার জিনিসপত্র, শিশুদের খেলনা কিংবা পোষা প্রাণীর আশপাশে স্প্রে করবেন না। ত্বকেও সরাসরি ব্যবহার করবেন না।
ব্যবহারের আগে যেসব বিষয় মনে রাখবেন
নিমপাতার এই মিশ্রণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হলেও সবার ক্ষেত্রে একই রকম কাজ নাও করতে পারে। তাই প্রথমে ঘরের ছোট একটি জায়গায় ব্যবহার করে দেখুন। শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন। এই মিশ্রণে কোনো সংরক্ষণকারী উপাদান নেই। তাই বেশি পরিমাণে তৈরি না করে অল্প করে বানান। পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রাখুন এবং কয়েক দিনের মধ্যে ব্যবহার করুন। মিশ্রণের রং বা গন্ধ বদলে গেলে ফেলে দিন।
তবে শুধু নিমপাতার স্প্রে ব্যবহার করলেই মশার উপদ্রব কমবে না। বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করুন। ফুলের টবের নিচের পাত্র, ডাবের খোসা, বালতি কিংবা ফেলে রাখা বোতলে পানি জমতে দেবেন না। জানালায় নেট লাগান এবং রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। ডেঙ্গু থেকে বাঁচতে মশার বংশবিস্তার বন্ধ করাই সবচেয়ে জরুরি। প্রয়োজনে অনুমোদিত মশা প্রতিরোধকও ব্যবহার করুন।
সূত্র: নিউজ এইটটিন, এনডিটিভি
Reporter Name 























