খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার ৬৬টি ট্রাকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতি শুক্রবার দুই দফায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে—প্রথম দফা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফা দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুদ সাপেক্ষে) এই চাল বিক্রি হবে।
সুবিধাভোগী শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন এবং কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করতে হচ্ছে। প্রকৃত শ্রমিকরাই যেন এর সুফল পান, তা নিশ্চিত করতেই এ কড়াকড়ি নিয়ম রাখা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
Reporter Name 
























