জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল ও টেকসই নগর গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ এবং বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন বিশ্বের শতাধিক দেশের নেতা। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এক বৈঠকে বিশ্বনেতা আলোচনার ভিত্তিতে নগর সহনশীলতা, জ্বালানি সাশ্রয়ী ভবন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর গুরুত্ব দেন।
এছাড়া বৈঠকে জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণে ‘আনতালিয়া কমপ্যাক্ট’ অনুমোদন করে দেশগুলো। যার আওতায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ভবনগুলোর পরিচালনাগত জ্বালানি ব্যবহার ২৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভবনে দক্ষ বিদ্যুতায়ন ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কপ-৩১ প্রেসিডেন্সি ও জাতিসংঘের মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) আয়োজিত নগর সহনশীলতা, অভিযোজন ও জলবায়ু পদক্ষেপ বিষয়ক উচ্চপর্যায়ের সংলাপে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। আজ শুক্রবার জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা (ইউএনএফসিসিসি) এসব তথ্য জানায়।
ইউএনএফসিসিসি জানায়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষ শহরে বসবাস করে। বন্যা, তীব্র তাপপ্রবাহ এবং অবকাঠামোগত ক্ষতিসহ জলবায়ু পরিবর্তনের নানা ঝুঁকির মুখে রয়েছে এসব নগর। এ পরিস্থিতিতে জাতীয় পর্যায়ের জলবায়ু অঙ্গীকারকে নগর ও জনগোষ্ঠীর জন্য বাস্তব পদক্ষেপে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্বনেতারা। জাতীয় জলবায়ু ও অভিযোজন পরিকল্পনাকে কীভাবে নগর পর্যায়ে বাস্তব বিনিয়োগে রূপ দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন নেতারা।
এ বিষয়ে কপ-৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, জলবায়ু মোকাবিলার কার্যক্রম মানুষের বসবাসের জায়গায় বাস্তব সুফল বয়ে আনতে হবে। এর অর্থ নিরাপদ জনগোষ্ঠী, জ্বালানিসাশ্রয়ী বাসস্থান, শক্তিশালী অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষা নিশ্চিত করা।
তিনি বলেন, নগরগুলোতেই জলবায়ু পরিকল্পনার বাস্তবায়ন ঘটে। মানুষের ঘরবাড়ি, নির্ভরশীল অবকাঠামো এবং প্রতিদিনের জ্বালানি ব্যবহারের মধ্য দিয়ে এর প্রতিফলন দেখা যায়। প্রকল্পের অর্থায়ন, নির্মাণ এবং জনগণের জন্য সুফল নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ।
কপ-৩১ প্রেসিডেন্সির উদ্যোগে জ্বালানিসাশ্রয়ী ভবনবিষয়ক ‘আনতালিয়ানকমপ্যাক্ট’ নিয়ে বৈশ্বিক আলোচনা হয়েছে। এতে ভবনের জ্বালানি ব্যবহার কমানো এবং বিদ্যুতায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কমপ্যাক্টে ২০৩৫ সালের মধ্যে দুটি বৈশ্বিক লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর একটি হলো বিশ্বব্যাপী ভবনগুলোর পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানোর উদ্যোগ। অন্যটি হলো ভবনে দক্ষ বিদ্যুতায়ন ত্বরান্বিত করা।
এ ছাড়া উন্নত নকশা ও জ্বালানি ব্যবহারের দক্ষতার মাধ্যমে ভবনের জ্বালানি খরচ কমানোর ক্ষেত্রে বিশ্বের ছয়টি উল্লেখযোগ্য টেকসই ভবন নির্মাণ প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তুরস্কের পরিকল্পনায় এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) পরিচালিত গ্লোবাল অ্যালায়েন্স ফর বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন (গ্লোবালএবিসি)-এর সহায়তায় দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে প্রকল্পগুলো নির্বাচন করা হয়। এতে ইন্টারগভর্নমেন্টাল কাউন্সিল ফর বিল্ডিংস অ্যান্ড ক্লাইমেট (আইসিবিসি) সমন্বয় করেছে।
ইউএনএফসিসিসি জানায়, নগর পর্যায়ে বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার, মেরামত ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্যোগও এগিয়ে নেওয়া হচ্ছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্ম চালুর পর প্রথম আন্তর্জাতিক ‘জিরো ওয়েস্ট ডিস্ট্রিক্টস’ বা বর্জ্যশূন্য জেলা কার্যক্রম শুরু হয়েছে।
প্রাথমিক পর্যায়ে ২০টি জেলা এ উদ্যোগে যুক্ত হয়েছে। এসব এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। একই সঙ্গে এসব কার্যক্রমের মাধ্যমে মিথেন নিঃসরণ কতটা কমানো সম্ভব হচ্ছে, তা পরিমাপ করা হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম ১০০টি জেলায় সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। এছাড়া কপ-৩১-এর ‘সাসটেইনেবল আরবান রেজিলিয়েন্স ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ (এসইউআরএফএফ) উদ্যোগের মাধ্যমে দেশ ও নগরগুলো জলবায়ু সহনশীলতা বিষয়ক পরিকল্পনাকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিতে পারবে। সরকারি ও বেসরকারি অর্থায়ন সংগ্রহ এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোও এর উদ্দেশ্য।
ইউএনএফসিসিসি জানায়, কপ-৩১ বিজনেস ফোরামে ৬০০ জনের বেশি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতা অংশ নিয়েছেন। প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে যোগ দেন। বিদ্যুতায়ন, জলবায়ু সহনশীল নগর এবং পরিবেশবান্ধব শিল্পায়নে বেসরকারি খাতের উদ্যোগ ও বিনিয়োগ বাড়ানো ছিল ফোরামের মূল লক্ষ্য। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্ক ও চীনের মধ্যে বড় ধরনের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় তুরস্কে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
এই চুক্তি অনুযায়ী ৭ হাজার মেগাওয়াট নতুন সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, নতুন জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর এবং তুরস্কে বায়ুবিদ্যুৎ টারবাইনের সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করা হবে।
ইউএনএফসিসিসি জানায়, স্বল্পোন্নত দেশগুলোর পরিবেশবান্ধব শিল্পায়ন ত্বরান্বিত করতে ‘লিস্ট ডেভেলপড কান্ট্রিজ গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাসিলিটেশন মেকানিজম’ (এলডিসি-জিআইএফ) চালু করেছে কপ-৩১ প্রেসিডেন্সি। এর মাধ্যমে এসব দেশের সবুজ শিল্প প্রকল্পের সঙ্গে প্রযুক্তি, কারিগরি সহায়তা ও অর্থায়নের সংযোগ তৈরি করা হবে।
তুরস্কের নেতৃত্বে এবং জাতিসংঘের প্রযুক্তি ব্যাংকের সচিবালয় পরিচালনায় এ উদ্যোগ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ১০টি পাইলট দেশ এতে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোও এ উদ্যোগে অংশ নিয়েছে।
এদিকে তুরস্কের শিল্প খাতের কার্বন নিঃসরণ কমাতে গঠিত ‘তুরস্ক ইন্ডাস্ট্রি ডিকার্বনাইজেশন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম’ (টিআইডিআইপি) কয়েকটি প্রকল্পে জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) থেকে ২৫ কোটি ডলার পাওয়ার ঘোষণা দিয়েছে। ২০৩০ সালের মধ্যে এ প্ল্যাটফর্মের মাধ্যমে ৬ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ সংগ্রহের লক্ষ্য রয়েছে।
সিআইএফ আরও ঘোষণা করেছে, পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে সর্বোচ্চ ১৯ কোটি ডলার অর্থায়ন দেওয়া হবে। জলবায়ু ঝুঁকিকে সুসংহত ও বিনিয়োগযোগ্য অর্থনৈতিক পরিকল্পনায় রূপান্তরের লক্ষ্যে ‘অ্যাক্সিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ’ (এআরআইএসই) কর্মসূচির আওতায় এ অর্থায়ন দেওয়া হবে।
কপ-৩১-এর আলোচনা পর্বের সভাপতি ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিজেদের উদ্যোগে জলবায়ু সহনশীলতা বাড়ানোর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলের জীবন, জীবিকা ও সংস্কৃতি এবং বিভিন্ন দেশের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
তিনি আরও বলেন, এ সংকট মোকাবিলায় সহজলভ্য অর্থায়ন ও বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রয়োজনীয় মাত্রা ও গতিতে জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে হবে। প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো শুধু জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে নেই, তারা নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান ও সমাধানের মাধ্যমে নেতৃত্বও দিচ্ছে। এ অঞ্চলের নেতাদের উদ্যোগে গঠিত ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি’ (পিআরএফ) হলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে জনগোষ্ঠীকেন্দ্রিক অভিযোজন ও জলবায়ু সহনশীলতা কার্যক্রমে অর্থায়নের জন্য গঠিত প্রথম আঞ্চলিক তহবিল।
এ তহবিলে ইতোমধ্যে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ২০২৬ সালে যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, ফিজি, পাপুয়া নিউগিনি এবং মার্শাল দ্বীপপুঞ্জ নতুন করে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া সম্মেলনে মিন্ডেরু ফাউন্ডেশন এ তহবিলের প্রথম দাতব্য প্রতিষ্ঠান হিসেবে ৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতৃত্বে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার উদ্যোগে সহযোগীদের পরিধি আরও বিস্তৃত হয়েছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসেন বলেন, আন্টালিয়া কমপ্যাক্ট জ্বালানিসাশ্রয়ী ও জলবায়ু সহনশীল ভবনকে বৈশ্বিক মানদণ্ডে পরিণত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ভবন নির্মাণ খাতের রূপান্তরের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। তাই কার্যক্রমের গতি বাড়াতে হবে। এ অঙ্গীকারকে নীতিমালা, বিনিয়োগ ও বাস্তব সমাধানে রূপ দিতে হবে, যাতে কার্বন নিঃসরণ ও জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি মানুষ ও পৃথিবীর জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত হয়।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ বলেন, দেশগুলো জলবায়ু মোকাবিলায় গুরুত্বপূর্ণ অঙ্গীকার করেছে। এখন সেগুলো বাস্তবায়নের সময়। আবাসন, পরিবহন, ভূমি ব্যবহার ও মৌলিক সেবাসংক্রান্ত সিদ্ধান্ত নগরের কার্বন নিঃসরণ এবং জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় মানুষের সক্ষমতাকে প্রভাবিত করে। তাই পর্যাপ্ত আবাসন নিশ্চিত করা, অনানুষ্ঠানিক বসতি ও বস্তির রূপান্তর এবং নগরের জলবায়ু সহনশীলতা বাড়ানোকে জলবায়ু কার্যক্রমের কেন্দ্রীয় অগ্রাধিকার করতে হবে।
অন্যদিকে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন বলেন, এআরআইএসই কর্মসূচির প্রতি ব্যাপক আগ্রহ প্রমাণ করে যে দেশগুলো জলবায়ু সহনশীলতা বাড়াতে প্রস্তুত। তাদের বিনিয়োগ পরিকল্পনা ও অগ্রাধিকার রয়েছে। তবে এসব পরিকল্পনাকে বড় পরিসরে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিতে প্রয়োজনীয় সহায়ক অর্থায়নের ঘাটতি রয়েছে। এআরআইএসই সেই ঘাটতি পূরণে সহায়তা করবে এবং জলবায়ু সহনশীলতা খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পরিবেশ সৃষ্টি করবে।
Reporter Name 
























