ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। তবে সদ্য সমাপ্ত নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তার সরকার গঠনের পথ বেশ কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে দ্রুত একটি বৃহত্তর জাতীয় সরকার গঠনের প্রত্যয় জানিয়েছেন তিনি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেন। এর আগে ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে নেতানিয়াহু ও আইজেনকোট কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেননি।
দায়িত্ব গ্রহণের পর আইজেনকোট বলেন, ইসরায়েল এখন জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশটি এমন এক পর্যায়ের দিকে এগোচ্ছে, যেখান থেকে ফিরে আসা কঠিন হতে পারে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে জরুরি সরকার গঠন প্রয়োজন। এজন্য প্রচলিত রাজনৈতিক সমীকরণের বাইরে গিয়েও উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, ইসরায়েলের গণতন্ত্র এখন সংকটাপন্ন। ইরানের সম্ভাব্য হামলার হুমকি, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং লেবাননসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নেতৃত্ব প্রয়োজন।
সরকার গঠনে আইজেনকোটের সামনে কয়েকটি বিকল্প রয়েছে। আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন, আগে দূরে থাকা অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট কিংবা নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন সব পথই বিবেচনায় রয়েছে। তবে প্রতিটি বিকল্পের সামনে বড় রাজনৈতিক বাধা রয়েছে।
আইজেনকোট জানিয়েছেন, যেসব দল ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, সবার জন্য বাধ্যতামূলক সামরিক বা জাতীয় সেবার পক্ষে থাকবে এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তাদের সামরিক ও শাসনক্ষমতা ধ্বংসের অঙ্গীকার করবে, তাদের সরকারে যুক্ত হওয়ার আহ্বান জানাবেন তিনি।
সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে। তিনি ব্যর্থ হলে নেতানিয়াহুকে সরকার গঠনের সুযোগ দেওয়া হতে পারে। তিনিও ব্যর্থ হলে নতুন নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ১২০ আসনের নেসেটে সর্বোচ্চ ২৭টি আসন পেয়েছে। তবে ধর্মীয় ও জাতীয়তাবাদী দলগুলোকে নিয়ে তার জোটের মোট আসন দাঁড়িয়েছে ৫৩টি। অন্যদিকে আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। তার নেতৃত্বাধীন চারটি মধ্য-বাম থেকে ডানপন্থী ইহুদি দলের জোট পেয়েছে ৪৮টি আসন। দেশটির আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দুটি দল পেয়েছে রেকর্ড ১৯টি আসন।
এদিকে নেতানিয়াহু সব জায়নবাদী দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তবে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব।
আইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টায় আরেক বাধা হতে পারেন বিরোধী নেতা আভিগদর লিবারম্যান। তার দল ইসরায়েল আওয়ার হোম নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার কিংবা আরব দলগুলোর সমর্থনপুষ্ট সংখ্যালঘু সরকার কোনোটিতেই রাজি নয়।
তবে অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন লিবারম্যান। শর্ত দিয়েছেন, এসব দলকে অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবার আইনে সমর্থন দিতে হবে।
লিবারম্যান বলেন, নতুন নির্বাচন এড়াতে এবং নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যেখানে সমঝোতার সুযোগ রয়েছে, সেখানে নমনীয়তা দেখিয়ে অভিন্ন অবস্থানে পৌঁছানো প্রয়োজন।
সব মিলিয়ে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সুযোগ তৈরি হলেও আইজেনকোটের সামনে সরকার গঠনের সমীকরণ এখনো বেশ জটিল। আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক দর-কষাকষিই নির্ধারণ করবে ইসরায়েলের পরবর্তী সরকারের ভাগ্য।
Reporter Name 
























