নানা বিতর্কে আলোচনার কেন্দ্রে রয়েছেন তানজিন তিশা। ছোট পর্দার এ অভিনেত্রী বেশ কিছুদিন ধরে জড়িয়ে আছেন আইনি ঝামেলায়। শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ‘আত্মসাৎ ও প্রতারণা’র মামলা চলছে তার বিরুদ্ধে।
এর মধ্যেই নতুন বিপাকে পড়লেন অভিনেত্রী। নাট্যশিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ থেকে তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আরেক অভিনেত্রী সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে মারামারির অভিযোগ এবং বিষয়টি মীমাংসার ব্যাপারে অনীহা দেখানোয় এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
এসবের মধ্যেই শনিবার (৭ নভেম্বর) বধূ বেশে দেখা দিলেন তিশা। লাল শাড়িতে নজরকাড়া সাজে হাজির হলেন ফেসবুকে। আর দিলেন স্পষ্ট বার্তা।
এক ডজনেরও বেশি ছবি পোস্ট করেছেন তিশা। তাতে দেখা গেল, লাল রঙের জমকালো বেনারসি শাড়ি পরেছেন তিনি। শাড়িতে সোনালি ও রুপালি জরির সূক্ষ্ম কারুকাজ, সঙ্গে নকশাদার ব্লাউজ ও লাল ওড়নায় ফুটে উঠেছে রাজকীয় বধূবেশ। মাথায় টিকলি, ভারী সোনালি গয়না, কানে ঝুমকা, গলায় চোকার ও খোঁপায় সাদা ফুলের সাজে পূর্ণতা পেয়েছে ঐতিহ্যবাহী বাঙালি ব্রাইডাল লুক।
এই ছবিগুলোর সঙ্গে কয়েকটি ওজনদার শব্দ ক্যাপশনে দিয়েছেন অভিনেত্রী। সেটা এরকম, ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’
তিশা যেন বোঝাতে চাইছেন, এতসব ঝামেলার মধ্যেও তিনি অবিচল রয়েছেন। মানসিকভাবে তার শক্ত থাকার ইঙ্গিতই যেন পাওয়া গেল এতে।
এদিকে বধূর সাজে তিশাকে দেখে খুশি তার ভক্তরা। অনেকে বলছেন, এবার বাস্তবেই যেন বিয়েটা করে নেন অভিনেত্রী। আর বাকিরা প্রশংসা করছেন তার অপূর্ব সাজের।

অভিনয়েও মন্দ সময় পার করছেন তিশা। নাটকে কাজ কমিয়ে দিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়। কিন্তু সাকিব ফাহাদের সেই ‘সোলজার’-এর কাজ আর শেষ হচ্ছে না। শাকিব খানের সঙ্গে এই সিনেমায় অভিষেক হওয়ার কথা তিশার। অধিকাংশ শুটিং হওয়ার পরও সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে।
Reporter Name 

























