চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আগামী ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত। রবিবার (৩০ আগস্ট) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল।
তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন দাখিল না করার পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা নতুন তারিখ (২৯ সেপ্টেম্বর) ধার্য করেন। এ নিয়ে এ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ নবমবারের মতো পেছাল।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘ ২৯ বছর পর আদালতের নির্দেশে ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়।
গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ আগস্ট আসামি ডনকে এ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
Reporter Name 
























