বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে। পাশাপাশি, বিগত স্বৈরাচারী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্যেও আমাদের কাজ করতে হবে। এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বুধবার (১১ মার্চ) এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।
নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে। পাশাপাশি, বিগত স্বৈরাচারী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্যেও আমাদের কাজ করতে হবে।’
এ ছাড়াও, তিনি আগামী স্বাধীনতা দিবসে ডিএসসিসির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এ ছাড়াও, উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খাঁন।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর অরাজনৈতিক ও মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রায় ছয় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে আমন্ত্রিত অতিথিদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করার পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা ও ন্যায়বিচারের দাবি জানান।
Reporter Name 





















