শিক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব। প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের এই কর্মকর্তার পদোন্নতি হওয়ার কথা ছিল ২০১২ সালে। তার ব্যাচের অনেকেই ২০১২ সালে নিয়মিত পদোন্নতিতে উপসচিব হয়েছেন। গত চার বছরে অনেক পদোন্নতি হয়েছে। কিন্তু ভাগ্য খুলেনি এই কর্মকর্তার। এবার প্রশাসন ক্যাডারের উপসচিব পদে পদোন্নতির মূল ব্যাচ ছিল ২১ ব্যাচ। সে হিসেবে এই কর্মকর্তা তিন ব্যাচ সিনিয়র হলেও পদোন্নতি পাননি।
দীর্ঘ অপেক্ষার পরও পদোন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ওই কর্মকর্তা। বললেন, ‘আর ভিজিটিং কার্ড ছাপাবো না। আমার জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সিনিয়র হয়ে গেল, আর আমি এক জায়গাই পড়ে রইলাম।’
শুধু শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাই নন, এসএসবি বোর্ডে পদোন্নতির যোগ্য তালিকায় সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ৭২৯ জন কর্মকর্তার নাম পাঠানো হয়। এর মধ্য ২১তম রেগুলার ব্যাচের ১৬৫ জন কর্মকর্তা, লেফটআউট ৩১০ ও অন্য ক্যাডারে ছিলেন ২৫৪ জন। এর মধ্যে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২২৮ কর্মকর্তা। উপসচিব পদে বঞ্চিত হয়েছেন ৫০১ কর্মকর্তা।
যুগ্মসচিব পদে পদোন্নতির যোগ্য তালিকায় ৫৭০ কর্মকর্তা ছিলেন। রেগুলার ১১তম ব্যাচের ১৬৪ জন ও লেফট আউট ৪০৬ জন। এদের মধ্যে যুগ্মসচিব হয়েছেন ১৯৩ জন। যুগ্মসচিব পদে ৩৭৭ জন কর্মকর্তা বঞ্চিত হয়েছেন।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতিযোগ্য তালিকায় ছিলেন ৫৮৭ কর্মকর্তা। এরমধ্যে রেগুলার ’৮৬ ব্যাচের কর্মকর্তা ১৩০ জন। বাকি ৪৫৭ জন ছিলেন লেফট আউট। এদের মধ্যে ১৪৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। এ পদে বঞ্চনার মধ্য পড়েছেন ৪৩৯ কর্মকর্তা।
অর্থমন্ত্রণালয়ের একজন উপসচিব বলেন, ‘আমি যোগ্যদের তালিকায় ছিলাম। কেন যে হলো না বুঝলাম না। আমার ব্যাচমেটদের অনেকেই যুগ্মসচিব হয়েছেন।’ ১১ ব্যাচের এই কর্মকর্তা বলেন, ‘আমার ব্যাচের ১৬৪জন এবারের ফিট লিস্টে ছিল। কিন্তু আমার হলো না।’
নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা বলেন, ‘অনেক বিষয় বিবেচনায় নিয়েই পদোন্নতি দেয়া হয়। একজন কর্মকর্তা নিজেকে যোগ্য মনে করলেও এসএসবির তো তাকে যোগ্য মনে করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে একজন কর্মকর্তার এসিআর ও তার সব কর্মকাণ্ড বিবেচনায় নেয়া হয়। আর যারা এসএসবি বোর্ডে রয়েছেন, তারা অনেক অভিজ্ঞ। সুতরাং যারা যোগ্য তাদেরকেই পদোন্নতি দেয়া হয়েছে। এনিয়ে ক্ষোভ প্রকাশের কিছু নেই।’
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) সুবীর কিশোর চৌধুরী বলেন, ‘এবার বিপুলসংখ্যক কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। অনেক যোগ্য ব্যক্তিরাই পদোন্নতি পেয়েছেন। এবার বঞ্চিতদের সংখ্যা অনেক কম।’
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তিন স্তরে ৫৬৯ কর্মকর্তার পদোন্নতির পৃথক প্রজ্ঞাপন জারি করে। ওইদিন সকালে উপসচিব ২২৮ জন, যুগ্মসচিব ১৯৩ ও অতিরিক্ত সচিব পদে ১৪৮ কর্মকর্তা পদোন্নতি পান। লিয়েনসহ বিদেশে থাকার কারণে ৩৪ জনের আদেশ জারি করা হয়নি।
Reporter Name 























