ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের নির্মম বাস্তবতার মধ্যেই ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বের অবিচ্ছেদ্য প্রতীক জাতীয় পতাকা উড়িয়ে সমগ্র দেশবাসীকে প্রবলভাবে উদ্বেলিত করেছিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।
সেই উত্তাল সময়ে দেশে ও বিদেশে অবস্থানরত সকল মানুষকে আন্দোলনের পক্ষে সুসংগঠিত ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে উড়ানো সেই ঐতিহাসিক জাতীয় পতাকাটি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দেন মুত্তাকিন।
১৭ জানুয়ারি (শনিবার) রাজধানীর গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমানের হাতে পতাকাটি তুলে দেন মুত্তাকিন।
সাক্ষাৎকালে ছাত্রদলের এই সাহসী কর্মী বিপ্লবের সেই দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং তারেক রহমান এই উপহার গ্রহণ করে আন্দোলনের প্রতিটি যোদ্ধার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।
এই পতাকা হস্তান্তর অনুষ্ঠানটি কেবল একটি স্মৃতিচারণ নয়, বরং এটি জুলাই বিপ্লবের চেতনা ও বীরত্বগাথাকে ভবিষ্যতের জন্য সংরক্ষিত রাখার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
এসময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন।
Reporter Name 



















