জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে স্ট্যাটাসে বলেন, “জনাব তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই।
দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হোক।”
নাহিদ ইসলাম উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়ায় এটি গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন।
তিনি আরও বলেন, “তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছেন। হাজারো শহীদের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, যার ফলে তারা দেশে ফিরে আসতে পেরেছেন।”
নাহিদ ইসলাম আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রকে আরও সুসংহত করবে। তিনি বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলা এখন প্রধান চ্যালেঞ্জ।
Reporter Name 























