এক দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তৌসিফ মাহবুব।
গেল বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩-এ অংশ নিয়ে মুকুট জিতেন শাম্মি ইসলাম নীলা। সুন্দরী প্রতিযোগিতা থেকে বের হয়ে এরমধ্যে ফটো শুটসহ বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন। সুন্দরী প্রতিযোগিতা থেকে বের হলেও নিজেকে মডেল বলতে নারাজ তিনি, নিজেকে কনটেন্ট ক্রিয়েটর বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
শাম্মি ইসলাম নীলা কালের কণ্ঠকে বলেন, ‘বিউটি পেজেন্ট থেকে বের হয়ে বেশ কিছু ফটো শুট, বিজ্ঞাপনে কাজ করেছি। আমি নিজেকে আসলে মডেল বলতে চাই না, কনটেন্ট ক্রিয়েটর বলতেই পছন্দ করি। যেহেতু কনটেন্ট ক্রিয়েট করি সেই জায়গা থেকে অভিনয় করার ইচ্ছেটা ছিল। অপেক্ষা করছিলাম ভালো সুযোগের। এরমধ্যে নাটক, সিনেমা দুটোরই বেশ কিছু প্রস্তাব পেয়েছি কিন্তু সেগুলো মনের মতো হয়নি। চেয়েছিলাম, একটা ভালো গল্প যেখানে আমার চরিত্রের গুরুত্ব থাকবে এবং একটা দারুণ এন্ট্রি হবে। অবশেষে তৌসিফ ভাইয়ার মাধ্যমে সেই সুযোগটা এলে, আমারও সব কিছু পছন্দ হলো, এরপর কাজ করলাম।’
তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তরুণ এই অভিনেত্রী বলেন, ‘তৌসিফ ভাইয়ার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। আমরা একসঙ্গে একটা কাজ করেছিলাম, এরপর একটা ফ্যামিলি গেট টুগেদারে আমাদের দেখা ও আড্ডা হয়েছিল। যার কারণে প্রথম কাজে তিনি সহশিল্পী হওয়াতে আমার জন্য বিষয়টি অনেক সহজ হয়ে গেছে। তিনি সহশিল্পী হিসেবে চমৎকার, ভীষণ সাপোর্টিভ। রিহার্সেল থেকে শুরু করে শুটিংয়ের সময় আমার চরিত্রটা বুঝে নিতে ভীষণ সহযোগিতা করেছেন। বিভিন্ন সময়ে আমাকে গাইড করেছেন। এটা সত্যি দারুণ।’
নীলা প্রসঙ্গে তৌসিফের ভাষ্য, ‘নীলাকে এমনিতেই সবাই চেনে, যেহেতু একটা বিউটি পেজেন্টের চ্যাম্পিয়ন। ওর মধ্যে পটেনশিয়ালিটি আছে, ডেডিকেশন আছে। মাত্র তো একটা কাজ করেছি, তবে আমার মনে হয়েছে ওর মধ্যে কিছু আছে। নিজের যেই গুণটা রয়েছে সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারলে অনেক দূর যাবে। আমার কাছে সম্ভাবনাময়ী মনে হয়েছে।’
এই জুটিকে ফের একসঙ্গে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে নীলার উত্তর, ‘একটা কাজ করেছি, সেটা রিলিজ হওয়ার পর দর্শক কিভাবে আমাদেরকে গ্রহণ করে সেটা দেখার অপেক্ষাতে আছি। দর্শক যদি ভালোভাবে গ্রহণ করে তাহলে হয়তো আবারও দেখা যাবে। যদিও এরমধ্যে নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে কথা চলছে, এখনই এই বিষয়ে কিছু বলতে পারব না। দর্শকের প্রতিক্রিয়া যদি ভালো পাই তাহলে সামনেও ভালো প্রজেক্টগুলোতে কাজ করার চেষ্টা থাকবে।’
টেলিভিশনের পর্দায় আফরান নিশো এবং তৌসিফ মাহবুবের কাজই বেশি দেখা হয় নীলার। এর বাইরে তার পছন্দের শিল্পীর তালিকায় রয়েছেন শাকিব খান, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানরা।
প্রসঙ্গত, ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’ পরিচালনা করেছেন হাসিব রাখি। আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।
Reporter Name 
























