বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ১৭ হাজার ৫০টি ১২ বোর শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি শটগানের দাম ধরা হচ্ছে ১৪৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে ২০ হাজার ৮৯৩ টাকা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ১৭ হাজার ৫০টি ১২ বোর শটগান কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৬৯৬ টাকা। ব্যাংক ঋণ নিয়ে এই শটগান কেনা হতে পারে।
জানা গেছে, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ১৭ হাজার ৫০টি ১২ বোর শটগান সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়। শটগান কেনার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে দর প্রস্তাব আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দরকষাকষির মাধ্যমে সুপারিশ করা সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তুরস্কের বে গ্যালাতালের কাছ থেকে ৩৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৬৯৬ টাকায় ১৭ হাজার ৫০টি ১২ বোর শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে এই শটগান কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে উপদেষ্টা পরিষদ কমিটি বিষয়টি অবহিত হয় এবং প্রস্তাবক মন্ত্রণালয় সব বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়।
এদিকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মাধ্যমে জার্মানি থেকে ই-পাসপোর্ট বুকলেট ও প্রশিক্ষণ সরাসরি (জিটুজি) ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৬৯২ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্পের ই-পাসপোর্ট বুকলেট এবং প্রশিক্ষণ সরাসরি (জিটুজি) ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান জার্মানির ভেরিডোস জিএমবিএইচের কাছ থেকে ই-পাসপোর্ট বুকলেট এবং প্রশিক্ষণ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বৈঠকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের ক্রয় চুক্তির ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মূল চুক্তিমূল্য ছিল ২ হাজার ১১৬ কোটি ৫১ লাখ ১০ হাজার ৮৬ টাকা। ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ৬১৭ কোটি ৮ লাখ ৪ হাজার ৪৩৫ টাকা। সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৩ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৫২২ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ কোং লিমিটেড (বিইউসিজি)।
বৈঠকে বাংলাদেশ সরকার (জিওবি) ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদফতরের মাধ্যমে বাস্তবায়নাধীন সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নম্বর-ঝচ-১ এর আওতায় সিলেট-চরখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের জন্য পরামর্শ পরিষেবা শীর্ষক পরামর্শক সেবার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই পরামর্শক নিয়োগে ব্যয় হবে ৮৫ কোটি ৫৯ লাখ ৫৪ হাজার ৬৭১ টাকা।
Reporter Name 



















