এ ছাড়া গতকাল গাজীপুরের ভোগড়া, শ্রীপুর, চক্রবর্তী, কিশোরগঞ্জের বাজিতপুরে গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ঢাকার দোলাইরপাড়, মিরপুর-১ নম্বর, সাভারের আশুলিয়া, নারায়ণগঞ্জে গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

রাতে শান্তিনগর, মৌচাক ও কারওয়ান বাজারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মানিকগঞ্জ শহরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রাজধানীর পল্লবীতে রাতে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে দর্শকরা। এ ছাড়া রাতে মৌচাক ফরচুন মার্কেটের সামনেও ওপর থেকে ফেলা একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকার পরও এসব ঘটনা ঘটে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনরাত চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। বাইরে থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর কোথায় আছেন, তা জানার চেষ্টা করেন গোয়েন্দা কর্মকর্তারা। রাজধানীর বিভিন্ন এলাকার হোটেল, মেসবাড়ি, ছাত্রাবাসে কড়া নজর ছিল গোয়েন্দা ও সংশ্লিষ্ট থানার পুলিশের।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করার কথা। দিনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিভিন্ন ঘোষণা দেন। এ পরিস্থিতিতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেখানেও বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে গত ১ অক্টোবর থেকে গত মঙ্গলবার পর্যন্ত পুলিশ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য বলেছেন, ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সতর্ক আছে সরকার। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।
রাজধানীতে কড়া নিরাপত্তা : পুলিশ সূত্র জানায়, গত ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাজধানীর ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল রাজধানীতে ককটেল বিস্ফোরিত হয় কমপক্ষে পাঁচটি স্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্রে গাড়িতে আগুন লাগানোর বিষয়ে আরো তথ্য মিলেছে। তথ্য অনুসারে, গতকাল সন্ধ্যায় রাজধানীর দোলাইরপাড়ে একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে আগুন কিভাবে লেগেছে. তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। দুপুর সাড়ে ১২টায় মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। সকালে রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন লাগে। এটিকে নিছক দুর্ঘটনা বলছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত মঙ্গলবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত গাজীপুর শহরে ও শ্রীপুরে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর নগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একটি মোটরসাইকেলে এসে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। গাজীপুরের ভোগড়া পেয়ারাবাগানে গতকাল ভোর সাড়ে ৪টায় আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা ভিআইপি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়। গতকাল ভোরে শ্রীপুরে পেট্রল পাম্পের পাশে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাস ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় পেট্রল পাম্পের পাশে পার্ক করা ছিল। বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালকের সহকারী। তিনি ইঞ্জিনের কাছে সিটে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। নারায়ণগঞ্জের জালকুড়িতে যুব উন্নয়নের কার্যালয়ের সামনে গত রাত সাড়ে ৯টায় অটোরিকশায় আগুন দেওয়া হয়।
গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য মোহাম্মদ মুজাহিদ আহত হন। তিনি যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ একটা ককটেল তাঁর পায়ের কাছে বিস্ফোরিত হয়। কিশোরগঞ্জের বাজিতপুরে ঢাকা-বাজিতপুর রুটের তিশা বাস সার্ভিসের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এই নাশকতার ঘটনাটি ঘটে। বাসটির পেছনের সিট পুড়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পুলিশ ও বাজারের প্রহরীদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা ওই বাসের চালক, সুপারভাইজার ও হেল্পার প্রাণে বেঁচে যান।
পুলিশ জানায়, নাশকতা ঠেকাতে তেজগাঁও, মগবাজার, যাত্রাবাড়ী, মিরপুর, হাইকোর্ট এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘নিরাপত্তার পাশাপাশি অভিযানও জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছেন। তিনি বলেন, পেট্রলবোমা নিক্ষেপসহ যেকোনো ধরনের সহিংসতার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।
গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, ১৩ নভেম্বর যেকোনো ধরনের অস্থিরতা বা নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, ‘নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি নিয়ে আতঙ্কিত হবেন না।’
আক্রান্ত গ্রামীণ ব্যাংক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আসবাবসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) মো. কলিম উদ্দিন কালের কণ্ঠকে জানান, গত মঙ্গলবার রাত ২টায় বাইরে থেকে জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাঁদের অবহিত করেন। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
বিভিন্ন স্থানে নাশকতা : গতকাল গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। ভোর ৫টার দিকে কুচলিবাড়ী এলাকার রিসোর্ট থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় পাঁচ মাস আগেও নিসর্গ রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
সারা দেশে গ্রেপ্তার ও নিরাপত্তা : চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমা হিলে গতকাল দুপুরে সাবেক মন্ত্রী মহিবুল হাসান নওফেলের পৈতৃক বাসভবনে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুরে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়। খুলনায় নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। নগরীর প্রবেশদ্বারে ২৭টি চেকপোস্ট বসানো হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় লকডাউন ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে মজুদ রাখা বিপুল পরিমাণ পেট্রলবোমা, ককটেল, গানপাউডারসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে মধুখালী থানার পুলিশ। ৩৬ ঘণ্টায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুৎকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কুমিল্লার মনোহরগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুরের নকলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফাহিম ইসলাম পূর্ণ (১৯) নকলা পৌরসভার বাদাগৈড় এলাকার শ্রমিক নেতা সোহাগ মিয়ার ছেলে।
মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বিকেল ৪টার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় পুলিশ সুপারের বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রেলপথসহ সংশ্লিষ্ট স্থাপনায় নিরাপত্তা জোরদার : রেল সেতু, রেলস্টেশনসহ সংশ্লিষ্ট সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশজুড়ে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।
Reporter Name 





















