প্রধান উপদেষ্টার নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সারাদেশে ডিসি নিয়োগে ‘ফিটলিস্ট’ বৈঠক চলছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চলছে ‘ফিটলিস্ট’ বৈঠক। যোগ্য কর্মকর্তাদের মূল্যায়ন করে নতুন ডিসি নিয়োগের জন্য চূড়ান্ত তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে।
‘ফিটলিস্ট’ বৈঠক মূলত ডিসি পদে নিয়োগের উপযুক্ত কর্মকর্তাদের তালিকা তৈরির একটি প্রক্রিয়া। এখানে কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়, তাদের যোগ্যতা, কর্মদক্ষতা ও মাঠ প্রশাসনে অভিজ্ঞতা যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সংসদ নির্বাচন ঘিরে খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। চলতি নভেম্বরের মধ্যেই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এবার ডিসি নিয়োগে কোনো রাজনৈতিক সুবিধাভোগী বা বিতর্কিত কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হবে না। যোগ্যতা যাচাইয়ে কঠোরতা বজায় রাখা হয়েছে। কেউ তথ্য গোপন বা ছলচাতুরি করে নিয়োগ পেলে এবং পরে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, চলতি বছরের ১১ জানুয়ারি থেকে নতুন ফিটলিস্ট তৈরির কাজ শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ছয় ধাপে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ও ২৭তম ব্যাচের মোট ২৬৯ জন উপসচিবের সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের মধ্য থেকে অর্ধশতাধিক কর্মকর্তাকে ফিটলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা চলছে।
জনপ্রশাসনের হিসাব অনুযায়ী, বর্তমানে ২৪তম ব্যাচের ২৬ জন, ২৫তম ব্যাচের ২৫ জন এবং ২৭তম ব্যাচের ১২ জন কর্মকর্তা দেশের বিভিন্ন জেলায় ডিসির দায়িত্বে রয়েছেন। তবে ২৪তম ব্যাচের ২১ জন কর্মকর্তা গত ২০ মার্চ যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেও এখনো মাঠ প্রশাসন থেকে তাদের প্রত্যাহার সম্ভব হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয় মনে করছে, নির্বাচনপূর্ব সময়ের এই গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং মাঠ পর্যায়ে সরকারের কর্মযজ্ঞে নতুন গতি আনবে।
Reporter Name 























