হাওর বার্তা ডেস্কঃ যে সকল বিদেশি ১৪ দিন বা তার বেশি সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করেছেন, বিদেশ ভ্রমণের জন্য তাদেরও কোভিড-১৯ পরীক্ষা করা লাগবে। তবে দেশি ও বিদেশি উভয়ের ক্ষেত্রে ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য পরীক্ষা বাধ্যতামূলক না।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিদেশ যেতে বাংলাদেশি পাসপোর্টধারীরা যে করোনা আক্রান্ত নন, সেই সনদ দাখিলের বাধ্যবাধকতা বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে কার্যকর হচ্ছে৷ আর বিদেশিদের জন্য তা আগামী রোববার (২৬ জুলাই) থেকে কার্যকর হবে।
বিদেশিদেরও দেশের ১৪টি জেলার সিভিল সার্জন নির্ধারিত স্থানে বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা বা তার কম সময় বাকি থাকতে উপস্থিত হয়ে করোনা পরীক্ষার নমুনা দিতে হবে।
তবে বিদেশিদের মধ্যে কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও এটির অঙ্গসংগঠনে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।
এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিদেশি পাসপোর্টধারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, গত কয়েকদিনে তাদের অনেকেই যোগাযোগ করেছেন৷ দুবাই, আবুধাবি, শারজাহতে ভ্রমণ বা ট্রানজিট না করলে তাদের জন্য বিদেশ ভ্রমণের পূর্বে করোনা পরীক্ষা করে সনদ দাখিলের বাধ্যবাধকতা নেই বলে তাদের জানানো হয়; কিন্তু নতুন নিয়মে আগামী রোববার বা তার পরে ভ্রমণ করতে হলে সবাইকে পরীক্ষা করে বিমানবন্দরে আসতে হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদেশযাত্রার নিয়ম দ্রুত পরিবর্তন হচ্ছে বলে জানানো হয়।
Reporter Name 





















