হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সকাল সোয়া ১১টায় শপথগ্রহণ শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। এর আগে স্পিকার নিজেই নিজের শপথ নেন। এরপর বাকি সদস্যদের সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এবার রংপুর-৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ড. শীরিন শারমিন চৌধুরি।
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৯টি, জাতীয় পার্টি (জাপা) ২০টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ২টি, বিকল্পধারা বাংলাদেশ ২টি, গণফোরাম ২টি, জাতীয় পার্টি (জেপি) ১টি এবং তরিকত ফেডারেশন ১টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া নির্বাচনে তিনজন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, একজন প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ফলাফলও স্থগিত করা হয়েছে।
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিখুঁত করতে নানা ব্যবস্থা নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
নতুনদের শপথ ও বরণ করতে ৩০টি পদক্ষেপ নেয়া হয়েছে। অনুষ্ঠানে কারা কী কী কাজ করবেন তাও নির্ধারণ করা হয়েছে।
সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহেমদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। সচিবালয়ের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার গণমাধ্যমকে বলেন, নতুন এমপিদের বরণ করার জন্য সংসদ প্রস্তুত। এ জন্য ৩০ ধরনের কাজ করছে সংসদ। কয়েক দিন আগে থেকেই কমিটির মাধ্যমে তাদের বরণের প্রস্তুতি চলছে।
শপথের জন্য নির্ধারিত কক্ষটি ফুল ও নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। সংসদের অতিরিক্ত সচিব সমন্বয় করছেন। সংসদীয় দলের দলীয় প্রধানদের ড্রাইভওয়ের লিফট গেটে অভ্যর্থনা জানাবেন একদল ব্যক্তি।
শপথ গ্রহণের পর সংসদীয় দলের দলীয় প্রধানদের সিনিয়র সচিবের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে রাখা বইয়ে সংসদ সদস্যদের স্বাক্ষর নেয়া হবে।
এরপর সিনিয়র সচিবের কক্ষে সংসদ সদস্যদের ভ্রমণের রুট ফরম পূরণ ও ভাতাদি গ্রহণের নমুনা গ্রহণ করা হবে।
এ ছাড়াও এমপিদের আইডি কার্ড দেয়ার জন্য ছবি তোলা হবে। সংসদ সদস্যদের ডিপ্লোমেটিক পাসপোর্টের প্রয়োজনীয় কাগজপত্র পূরণের জন্য দেয়া হবে। সংসদ সদস্যদের মাঝে সংবিধানের কপি বিতরণ করা হবে।
যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের জন্য সংসদে ক্যাফেটারিয়ায় আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
সংসদ ভবনের সার্জেন্ট অ্যাট আর্মস অধিশাখার এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে।
Reporter Name 






















