হাওর বার্তা ডেস্কঃ আগামী মার্চে দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশনে।
এ প্রসঙ্গে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, উপজেলা নির্বাচন তো নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। যেহেতু ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা আর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা।
তিনি আরো বলেন, গতবার নির্দলীয় ভোট হলেও এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সংশ্লিষ্টরা জানান, মার্চে নির্বাচন করতে হলে, জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকেই তফসিল ঘোষণা করা হতে পারে।
সবশেষ, ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ছয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, আইন অনুযায়ী, কোনো উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
Reporter Name 
























