হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বাণীতে রাষ্ট্রপতি মেহজাবির চৌধুরী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (২০ডিসেম্বর) ভোরে মারা যান যান মেহজাবিন চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার পর শত প্রতিকূলতার মধ্যেও জাতির পিতার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আশ্রয় দেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন সে সময় কূটনেতিক দায়িত্বে থাকা হুমায়ুন রশীদ চৌধুরী ও মেহজাবিন চৌধুরী।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
মেহজাবিন চৌধুরীর মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার সকালে তার লালমাটিয়ার বাসায় যান শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শোকবার্তায় মেহজাবিন চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।
Reporter Name 
























