হাওর বার্তা ডেস্কঃ গত দুদিন ছিলো নয়াপল্টন এলাকায় বিএনপির উৎসবের এলাকা। কেউ এসেছিলেন হাতি নিয়ে কেউ বা কাঁচাধানের সাজে। খালেদার মুক্তির দাবি নিয়ে নাচে-গানে মেতেছিলেন নেতাকর্মীরা। কিন্তু গতকাল হঠাৎ বদলে যায় দৃশ্যপট! তৃতীয় দিনে সেই পল্টন রূপ নিল পোড়া গন্ধে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান নেতাকর্মীরা। পুলিশের গুলি-টিয়ারশেলের মোকাবিলায় লাঠি হাতে রাস্তায় নেমে পড়েন হেলমেট পরা বহু নেতাকর্মী। একপর্যায়ে পল্টন এরিয়া থেকে পিছু হটে পুলিশ। জ্বালিয়ে দেয়া হয় পুলিশের দুটি গাড়ি। পরিস্থিতি হয়ে যায় থমথমে। প্রায় তিন ঘণ্টা পর্যন্ত ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় দখলে ছিলো বিএনপি নেতাকর্মীদের হাতে। বিকাল চারটার পর স্বাভাবিক হতে থাকে ওই এলাকা। তবে এই ঘটনায় পুলিশকে অনেক ধৈর্যের পরিচয় দিতে দেখা গেছে। উস্কানিতে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন প্রশাসন।
পুলিশ এবং বিএনপির দাবি অনুযায়ী উভয় পক্ষ মিলে প্রায় অর্ধশত আহত হয়। ঘটনার সূত্রপাত নিয়ে উভয়পক্ষের ভাষ্য ভিন্ন রকম। পুলিশের দাবি জড়ো হওয়া নেতাকর্মীদের পুলিশ যানজট নিরসনে সরতে অনুরোধ করলে এ ঘটনার জন্ম হয়। বিএনপির ভাষ্য বিএনপি নেতাকর্মীদের মধ্যে সরকারের সন্ত্রাসবাহিনী ঢুকে পুলিশের ওপর বোতল নিক্ষেপ করে। সেই বোতল নিক্ষেপ করাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো মনোনয়নপ্রত্যাশীরা কর্মীদের নিয়ে জড়ো হন। এসময় দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল কার্যালয়ের সামনে আসে। এ সময় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আরও কয়েকটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। তখন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত পুলিশ সদস্যরা বিএনপি নেতাকর্মীদের ফুটপাতের দিকে অবস্থান নেওয়ার জন্য রাস্তা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেন এবং তাদের ফুটপাতের দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে বাঁধ সাধে বিএনপির নেতাকর্মীরা।
পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাক বিতা হয় তাদের। এরপর পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ নেতাকর্মীদের পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট এবং ফাঁকা গুলি ছোড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ফকিরাপুল থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কি পর্যন্ত অবস্থান নেয়। অন্যদিকে পুলিশ কাকরাইল মোড়ে অবস্থান নেয়। বিএনপি কর্মীরা তখন নয়া পল্টনের সড়কে থাকা বেশকিছু গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষের মধ্যে পুলিশের দুটি সেডান গাড়ি ও একটি ভ্যানে বিএনপিকর্মীরা হামলা করে এবং পরে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের মধ্যে বিএনপি অফিসের সামনে থাকা অনেকে আশ্রয়ের আশায় কার্যালয়ের ভিতরে ঢুকে যান। বিএনপি অফিসের সবগুলো ফটক বন্ধ করে দেওয়া হয়। তখন বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করেন, তাদের ২০ থেকে ২৫ জন কর্মী আহত হয়েছেন। তবে পুলিশের দাবি তাদেরও ১৫ থেকে ২০ জন সদস্য আহত হয়েছে।
এ নিয়ে বিএনপি কর্মীরা নির্বাচন সামনে রেখে ‘ইস্যু তৈরির লক্ষ্যে’ বিনা উসকানিতে নয়াপল্টনে সংঘর্ষে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় মহানগর পুলিশের মতিঝিল জোনের এডিসিসহ ১৩ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সংঘর্ষ থিতিয়ে আসার পর ঘটনাস্থলে এসে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “বিনা উসকানিতে ইস্যু তৈরি করার জন্য এটা করেছে ওরা।” নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলেও বিএনপি নেতাকর্মীরা তা মানেনি বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ঘটনাস্থলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আমাদের নেতাকর্মীদের মধ্যে স্বৈরাচার সরকারের সন্ত্রাসবাহিনী ঢুকে পুলিশের ওপর বোতল নিক্ষেপ করে। সেই বোতল নিক্ষেপ করাকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষ ঘটেছে। এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে ঘটানো হয়েছে।’
সংঘর্ষের পরপরই সাংবাদিকদের নিপুণ রায় বলেন, ‘আজকে উৎসবমুখর পরিবেশে এই পল্টন ময়দানে বিএনপির ঢল নেমেছ। আপনারা গত দুই দিনে দেখেছেন, হাজার হাজার, লক্ষ জনতা, লক্ষ নেতাকর্মী এই উৎসবমুখর পরিবেশে বিএনপির মনোনয়ন ফরম কিনেতে আসছে। আর সেখানেই এই স্বৈরাচার, এই হাসিনা সরকারের গাত্রদাহ হয়েছে।’ বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘আমাদের নেতাকর্মীরা, আমরা একজন আরেকজনের ভাইবোন। আপনারা দেখেছেন, লক্ষ জনতার ভিড় হয়েছে, কোনো সংঘর্ষ হয় নাই। কালকে থেকে সরকারের গাত্রদাহ শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের শিকার হয়েছি।’নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এর মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হচ্ছে। ফখরুল বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।
আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের পরিস্থিতি করে সরকার নির্বাচনি পরিবেশ নষ্ট করছে।” জাতীয় ঐক্যফ্রন্টের এ মুখপাত্র সরকারের উদ্দেশে বলেন, “আমরা এ ধরনের পরিস্থিতি না ঘটানোর আহ্বান জানাই। ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাই।”অন্যদিকে এ ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকের এই হামলার জন্য সিইসি এবং ইসি সচিবরাই দায়ী। তাদের প্রত্যক্ষ নির্দেশেই বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এই হামলা পরিকল্পিত। এছাড়া পুলিশের কতিপয় সদস্য এ হামলার ঘটনায় জড়িত ছিল। রিজভী বলেন, ‘ব্লেম গেম’-এর অংশ হিসেবেই সরকারি দলের হেলমেটধারীরা এ হামলা করেছে, এরা হচ্ছে এজেন্ট। নিজেরাই পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে।’ তিনি জানান, আজকের এই হামলার ঘটনায় পুলিশের গুলিতে বিএনপির ৫০ নেতা-কর্মী আহত এবং গুলিবিদ্ধ হয়েছে। তিনি আরও জানান, বুধবার বিকাল চারটা পর্যন্ত ফরম বিক্রি হয়েছে ২৭৭টি। জমা হয়েছে ৩৩৭টি। দুপুরে তিন ঘণ্টা ফরম বিক্রি বন্ধ ছিল।
তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সংঘর্ষের সময় পুলিশের অবস্থান নমনীয় ছিল বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তার দাবি পুলিশ সেখানে মার খেয়েছে, কিন্তু মারমুখো হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ নীরব ভূমিকা পালন করেছে, মার খেয়েছে। পুলিশের মারমুখী আচরণ ছিল না। মারমুখী আচরণ থাকলে ১৬ পুলিশ আহত হতো না। আমরা মনে করি, পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং আহত হয়েছেন।’ এই ঘটনায় ১৩ জন পুলিশ ও তিন আনসার সদস্য আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী। বলেন, আগুন দেয়া হয়েছে পুলিশের দুটি নতুন গাড়িতে। ‘একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়র- সাঁজোয়া যান) ভেহিক্যাল সেখানে ছিল, সেই এপিসি ভেহিক্যালেও তারা আগুন ধরানোর চেষ্টা করে। পুলিশ সক্রিয় থাকায় এপিসি ভেহিক্যালটা রক্ষা পায়।’ এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান মন্ত্রী।
Reporter Name 
























