নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। ১৭৮ জন নেওয়া হবে উচ্চমান সহকারী, হিসাব করণিক, সার্ভেয়ার (প্রকৌশল) ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bwdb.gov.bd)। নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে ২৫ এপ্রিলের ইনডিপেনডেন্ট ও সমকাল পত্রিকায়। পাওয়া যাবে বাপাউবোর ওয়েবসাইট ও http://bit.ly/2oJ6vfP ওয়েবলিংকেও।
কাজের ধরন
বাপাউবোর কর্মচারী উন্নয়ন পরিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান জানান, উচ্চমান সহকারীরা পানি উন্নয়ন বোর্ডের প্রত্যেক দপ্তরের দপ্তর প্রধানের প্রশাসনিক কাজে সহযোগী হিসেবে কাজ করবে। কর্মকর্তা-কর্মচারীদের ছুটি অথবা উপস্থিতি ইত্যাদি বিষয়ও দেখতে হবে তাদের। হিসাব করণিক পদের প্রার্থীরা অফিসের অর্থসংক্রান্ত সব হিসাব রাখবেন। অফিসে হিসাবরক্ষক থাকলে তার সহযোগী হিসেবে কাজ করবেন। সার্ভেয়াররা (প্রকৌশল) বোর্ডের বিভিন্ন অবকাঠামোগত কাজের প্রি-ওয়ার্ক ও পোস্ট-ওয়ার্ক সংশ্লিষ্ট সব পরিমাপের কাজ করবেন। এসব কাজে উপসহকারী প্রকৌশলীকে সহযোগিতা করবেন। সব ধরনের অবকাঠামোগত কাজের দেখাশোনা ও মান নিশ্চিতকরণে সহায়তা করবেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টরা। সংশ্লিষ্ট কাজে উপসহকারী প্রকৌশলীকে সহযোগিতা করতে হবে তাদের।
আবেদনের যোগ্যতা
উচ্চমান সহকারী পদে নেওয়া হবে ৯ জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা এবং এমএস ওয়ার্ড, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব করণিক পদে নেওয়া হবে ৪৭ জন। বাণিজ্য বিভাগে এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। থাকতে হবে এমএস ওয়ার্ড, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা। সার্ভেয়ার (প্রকৌশল) পদে নেওয়া হবে ২৮ জন। বিজ্ঞান বিভাগে এসএসসি ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে সার্ভে ফাইনাল পাস হতে হবে। এইচএসসি পাস ও নির্মাণকাজের এক বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে। এ পদে নেওয়া হবে ৯৪ জন। ২৪ মে ২০১৭ তারিখে আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রেও বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
বাপাউবোর কর্মচারী উন্নয়ন পরিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (নিয়োগ ও পরীক্ষা) কামরুজ্জামান খান জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাপাউবোর ওয়েবসাইটে। ফরম ডাউনলোড করে পূরণ করে ২৪ মে পর্যন্ত অফিস চলাকালে পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (১০ তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ বরাবর ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদ ও নিজ জেলার নাম লিখতে হবে। আবেদনের সঙ্গে কোনো কাগজপত্র দিতে হবে না। তবে লাগবে সদ্য তোলা তিন কপি ৫–৫ সে.মি. সাইজের ছবি (এক কপি আঠা দিয়ে ফরমে লাগাতে হবে এবং অপর দুই কপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে) এবং উপ-পরিচালক, ঢাকা আঞ্চলিক হিসাব কেন্দ্র, বাপাউবো, ঢাকার অনুকূলে পরীক্ষার ফি বাবদ শিডিউল ব্যাংক থেকে কেনা ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার।
তিনি আরো জানান, সঠিকভাবে আবেদনফরম পূরণ করতে হবে। গত কয়েকটি নিয়োগে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার পূরণের সময় অনেকেই ভুল করেছেন। বিজ্ঞপ্তিতে যার বরাবর দেওয়ার কথা বলা, তার বরাবর দিতে হবে। আবেদনপত্রে জন্ম তারিখ ও অন্যান্য ক্ষেত্রে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না।
নিয়োগ পদ্ধতি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী উন্নয়ন পরিদপ্তরের পরিচালক মো. লুত্ফর রহমান জানান, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ শেষ হওয়ার পর আবেদনপত্র যাচাই-বাছাই করে এন্টি করা হবে। বাছাই করার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে নিয়োগ পরীক্ষার তারিখ ঠিক করা হবে। ওয়েবসাইট ও পত্রিকায় তা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বাছাইয়ে যোগ্য প্রার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেবে। তাদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পরীক্ষার প্রবেশপত্র।
পরীক্ষার প্রস্তুতি
বাপাউবোর কর্মচারী উন্নয়ন পরিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (নিয়োগ ও পরীক্ষা) কামরুজ্জামান খান জানান, সব পদে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। সব পদে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরের। মৌখিক পরীক্ষায় বরাদ্দ থাকবে ৩০ নম্বর। লিখিত পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃপক্ষ। বিগত কয়েকটি পরীক্ষায় দেখা গেছে—লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপরে প্রশ্ন করা হয়। বাংলা বিষয়ে বাংলা সাহিত্য, সারাংশ, ভাব সম্প্রসারণ ও ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে। ইংরেজিতে প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন, লেটার রাইটিং ও গ্রামার থেকে প্রশ্ন করা হয়। সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে প্রশ্ন থাকে। কামরুজ্জামান খান বলেন, ‘যে বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হবে তারা প্রশ্ন করে থাকে। তারা চাইলে পরীক্ষার ধরনে পরিবর্তন আনতে পারে। তবে নিয়োগ পরীক্ষার আগে সব দরকারি নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ’
বেতন ও সুযোগ-সুবিধা
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী উচ্চমান সহকারী পদে বেতন হবে ৯৭০০-২৩৪৯০ টাকা স্কেলে। হিসাব করণিক পদে ৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে, সার্ভেয়ার (প্রকৌশল) পদে ৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বেতন দেওয়া হবে ৮৮০০-২১৩১০ টাকা স্কেলে। পাওয়া যাবে সরকারি চাকরির সব সুযোগ-সুবিধা।
যোগাযোগ
পরিচালকের কার্যালয়, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (১০ তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ওয়েব : www.bwdb.gov.bd
Reporter Name 
























