নদীমাতৃক বাংলাদেশে এখন শুষ্ক মৌসুমে উজানের পানির প্রাপ্যতা কমে যাওয়ায় দুইশ’র বেশি নদীতে পানি থাকে না অর্থাত্ শুকিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের নদনদীর তালিকায় দেশে এখন নদী আছে ৪০৫টি। ভারত থেকে বয়ে আসা অভিন্ন নদীগুলো শুষ্ক মৌসুমে (ডিসেম্বর-মার্চ) বাংলাদেশের নদীগুলোর পানির অন্যতম উত্স। অভিন্ন নদীগুলোর পানির প্রাপ্যতা ক্রমান্বয়ে কমে যাওয়া এবং দেশের মধ্যে নদীগুলোর পানি নিয়ে কোনো সমন্বিত ব্যবস্থাপনা না থাকায় শুষ্ক মৌসুমে অধিকাংশ নদী শুকিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে ৪০৫টি নদীর মধ্যে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ থাকে মাত্র ২০০টির মতো নদীতে। আর বাকি নদীগুলো শুধু বর্ষাকালে দেখা যায়। তবে আরেক পরিসংখ্যানে দেখা যায়, বর্ষাকালে বাংলাদেশে ছোট-বড়-উপসহ প্রায় ৬০০ নদী দেখা যায়। আশির দশকে বাংলাদেশে প্রায় হাজার নদী ছিল। সরকারের অব্যবস্থাপনার কারণে ভূমিদস্যুদের দখলে চলে গেছে অনেক নদী। এখন প্রতি বছরই কোনো না কোনো নদী হারিয়ে যাচ্ছে। তবে পরিবেশবাদীদের আন্দোলনের কারণে নদী দখলের প্রবণতা কিছুটা কমেছে। এদিকে সীমানা পিলার বসানের নামে নদীর অনেক জায়গা বেহাত হয়ে গেছে। নদী শুকিয়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক গতকাল সকালের খবরকে বলেন, শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া নদীগুলো রক্ষায় প্রধানমন্ত্রীর নিদের্শনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ছোট নদীগুলোকেও খননের আওতায় এনে জলাধার তৈরি করা হবে। তখন আর এসব নদী শুষ্ক মৌসুমে শুকিয়ে যাবে না। পানিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, শুষ্ক মৌসুমে দেশের নদীগুলোর পানি অন্যতম উত্স ভারত থেকে বয়ে আসা অভিন্ন নদীর পানি। উজানের দেশ থেকে আরও বেশি পানি পাওয়ার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক বৈঠকেই পানি নিয়ে আলোচনা হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদী ৫৪টি। তার মধ্যে গঙ্গা ও ব্রহ্মপুত্র দিয়ে শুষ্ক মৌসুমে সবেচেয়ে বেশি পানি আসে। গঙ্গা চুক্তি হলেও বাংলাদেশ গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে, যা পানি পাওয়া তা চাহিদার তুলনায় খুবই কম। গঙ্গা নদীত গতকাল বাংলাদেশের পানির প্রাপ্যতা ছিল ৩৫ হাজার কিউসেক। কিন্তু এই পানি ২২টি জেলার ১২৩টি নদী ও সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য একেবারেই অপ্রতুল। পানি কম পাওয়ার বিষয়টি জানিয়ে ভারতকে প্রতি বছরই কয়েক দফায় চিঠি দেওয়া হয়। কিন্তু পানি বাড়ে না। ৬৭ বছরের মধ্যে গত বছর সর্বনিম্ন ১৫ হাজার কিউসেক পানি পাওয়া যায়। তাই রাজবাড়ীর পাংশায় পদ্মা-গঙ্গা ব্যারাজ নির্মাণ করে শুষ্ক মৌসুমে পানির চাহিদা পূরণ করতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে যৌথ কমিটি গঠন করা হয়েছে। বহুল আলোচিত তিস্তা নদীতে গত ১০ দিনে ২ হাজার কিউসেক পানি এসেছে। আগামী ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় অভিন্ন তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি ও পদ্মা গঙ্গা ব্যারাজ নিয়ে আলোচনা হবে। যৌথ নদী কমিশনের উপদেষ্টা পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত সকালের খবরকে বলেন, দেশের নদীগুলোর জীবন হল উজান থেকে বয়ে আসা পানি। কিন্তু শুষ্ক মৌসুমে এই পানির প্রাপ্যতা কমে যাচ্ছে। ভারত অভিন্ন নদীগুলোতে পানি প্রত্যাহার করে নেওয়ার কারণে আমরা কম পানি পাচ্ছি। পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক পানি বিশেষজ্ঞ ম. ইনামুল হক এই প্রতিবেদককে বলেন, শুধু ভারত থেকে পানি কম আসার কারণেই যে নদীগুলো শুকিয়ে যাচ্ছে তা ঠিক নয়, এর সঙ্গে আমাদের অব্যবস্থাপনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নদী নিয়ে কোনো সমন্বিত ব্যবস্থাপনা নেই। সব নদী নিয়ে একটি মাস্টার প্ল্যান দরকার। এতে কোন নদীকে কীভাবে রক্ষা করা যায় এবং শুষ্ক মৌসুমে নাব্য টিকিয়ে রাখার বিষয়ে পরিকল্পনা থাকবে। শুধু খনন করেই নদী রক্ষা করা যাবে না। এই পানি বিশেষজ্ঞ আরও বলেন, দেশের ভেতরে থাকা নদীর উত্সমুখগুলো এবং হাওর ও বিলগুলো সংরক্ষণ করে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে আজ বিশ্ব পানি দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বর্জ্য পানি’। দেশের অনেক নদীর পানিতে বর্জ্য মিশে দূষিত হচ্ছে। বুড়িগঙ্গা নদী তার উদাহরণ হলেও নতুন করে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের কারণে ধলেশ্বরী নদীও দূষিত হয়ে পড়ছে। অনেক শহরের পাশের নদীই দূষিত হয়ে পড়েছে। মানুষের সচেতনতার অভাব ও সরকারের অব্যবস্থাপনার কারণে নদীগুলোর এই অবস্থা মনে করছে সংশ্লিষ্টরা। পানি দিবসের কর্মসূচি ও বাণী : বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পানি দিবস পালিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এর আগে সকাল সাড়ে ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হতে বিআইসিসি পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে পানির সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশের সবাই এগিয়ে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য কৃষি, শিল্পসহ সব ক্ষেত্রে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ভূ-গর্ভস্থ পানির অত্যধিক ব্যবহার, লবণাক্ততা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও শিল্পায়ন, মারাত্মক পরিবেশ দূষণ, পানি প্রবাহে কৃত্রিম বাধা সৃষ্টি ও জলবায়ু পরিবর্তন সুপেয় পানির উত্সকে ক্রমে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
সংবাদ শিরোনাম
২০০ নদী শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়
-
Reporter Name - আপডেট টাইম : ১২:৪২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
- ৩৬৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ























