যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, খুলনা জেলার ডুমুরিয়া এবং ফুলতলা -এই পাঁচ উপজেলার মধ্যে ৫২টিরও অধিক বিল রয়েছে। এক সময় নদীর জোয়ার-ভাটার মাধ্যমে এসব বিলের পানি নদীতে নেমে যেত। কিন্তু নদ-নদীগুলোর মুখে বাঁধ ও গেট দেওয়ার ফলে জোয়ারে আসা পলিমাটি নদীর তলায় জমতে থাকে। ফলে বিলের তলের চেয়ে নদীর তল ৬ থেকে ৭ ফুট উচুঁ হয়ে গেছে।
এ অবস্থায় বর্ষাকালে খাল-বিলের পানি নদীতে নামতে পারছেনা। অতিরক্ত পানি উপচে ভবদহ অঞ্চলের মানুষের বসতবাড়ি, উঠান-আঙ্গিনা স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বছরের পর বছর বিল-খালে জমে থাকা পানিতে কচুরিপানায় ঢেকে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে, জলাবদ্ধ বিল-খাল ও মানুষের বসতবাড়ি থেকে পানি নেমে যাওয়ার একমাত্র পথ ভবদহ স্লুইস গেট হওয়ায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। কৃষি জমি পানির নিচে তলিয়ে থাকায় কৃষকের জীবন- জীবিকা ও প্রকৃতি ক্ষতির মুখে পড়েছে। অতি দ্রুত বিল ও নদী থেকে কচুরিপানা অপসারণ, পানি প্রবাহ বৃদ্ধি, বিলের জমিতে ফসল ফলানোর উপযোগি পরিবেশের তৈরীর দাবি বৃহত্তর ভবদহ অঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের।
জানা যায়, ১৯৬০ সালে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে পোল্ডার বা বাঁধ দেয়ার ফলে মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলা অঞ্চলের নদ-নদীর স্বাভাবিক জোয়ার-ভাটার গতি থেমে যায়। প্রাকৃতিকভাবে জোয়ারের পানির সাথে আসা পলি মাটি ভাটার সময় পরিবহনের বাঁধার কারণে নদ-নদীগুলো একে একে ভরাট হতে শুরু করে।
দেশের দ্বিতীয় বৃহত্তর ডাকাতিয়াসহ ৫২ বিলে বর্ষাকালে পানি নিষ্কাশন না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। ভবদহ অঞ্চলের বিলগুলোতে ধানের বদলে এখন কচুরিপানা, শাপলা ও বিভিন্ন জলজ আগাছায় ভরে গেছে। স্থায়ী জলাবদ্ধতার কারনে, জলজ পরিবেশ ও জীববৈচিত্রের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।
২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট থেকে প্রকাশিত মো: শাহিনুর রহমানের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় বাঁধ প্রকল্প, পানির স্বাভাবিক প্রবাহ হ্রাস, স্থানীয় প্রতিবন্ধকতা, উচ্চ লবণাক্ততা এবং প্রচুর পরিমাণে কচুরিপানার বিস্তারের কারণে নদ-নদীতে ক্রমাগত পলি জমা হচ্ছে। এর ফলে নদীর তলদেশে উঁচু ঢিবির সৃষ্টি হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার জন্ম দিচ্ছে।
এই জলাবদ্ধতার কারণে ওই অঞ্চলের মানুষের গড় আয় প্রায় ১৫% কমে গেছে, যার ফলে স্থানীয় আর্থ-সামাজিক কাঠামো ভেঙে পড়তে শুরু করেছে। বিশেষ করে, কৃষি-নির্ভর জনগোষ্ঠীর একটি বড় অংশ দিন দিন ভূমিহীন ও চরম আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।
ভবদহের জলাবদ্ধতা দূর করতে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে যশোর-খুলনা অঞ্চলের ৫টি আন্তঃসংযুক্ত নদ-নদী (মোট ৮১.৫ কিলোমিটার) পুনঃখনন করছে। আর এ খনন কাজে বড় বাঁধা কচুরিপানার দ্রুত বৃদ্ধি। ফলে নদ-নদীর নাব্যতার টেকসই সমাধান এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
স্লুইসগেটে মুখ কচুরিপানায় আটকে পানি প্রবাহে যাতে বাঁধা সৃষ্টি না করতে পারে সেজন্য সেনাবাহিনী টেকা নদীতে বাঁশ ও লোহার নেট তৈরী করে কচুরিপানা আটকে রাখছে। কিন্তু যে সব নদ-নদী ইতিমধ্যে খনন করা হয়েছে সেই সব নদীতে জোয়ারের সময় বিল থেকে কচুরিপানা জট ভেসে নদীর উপরিভাগ ঢেকে ফেলছে।
ভবদহের নয় ভেন্ট স্লুইসগেট এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, স্লুইস গেটের মুখ কচুরিপানায় যাতে আটকে না যায় তার জন্য সেনাবাহিনী নদীতে বিশেষ ছাকুনি দিয়ে রেখেছে।
কপালিয়ার কৃষক হেমন্ত রায় বলেন, ‘এক সময় জুয়ার-ভাটা নদী- খাল সচল ছিল, এখন নতুন করে কাটা নদীতি কচুরিপানা ভইরে যাচ্ছে, বিলির জল সরে না, পলি পইড়ে নদীর তলা উচো আর বিলির তলা ছেও, সেনাবাহিনী যদি আরও গভীর এইরে কাইটতো তালি বিলির জল সইরে যাইতো।’
হরিহর নদের পাড়ের কৃষক পঞ্চানন বিশ্বাস বলেন, ‘হরিহর নদে জুয়ার-ভাটা হলিও জল কম এবং স্রোত তো নেই বললিই চলে, আর এহন? কচুরিপানায় পুইরে গেছে, তাতে মনে হয় মরা নদী এহনও মরাই আছে।’
ফুলতলা উপজেলার গাড়াখোলা এলাকার কৃষক ফিরোজ মিয়া বলেন, ‘আমাদের এলাকার পানি ৮০ ফুট খাল দিয়ে শৈলমারি পোল্ডার হয়ে যায়, কিন্তু কচুরিতে স্রোত হচ্ছেনা, স্রোতে কচুরিপানা সরে যাবে এমন স্রোত এখনও তৈরী হয়নি। পলি ও কচুরিতে সব খালই বন্ধ।
ডাকাতিয়া বিলপাড়ের মানুষ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ। বিলে যাতে আমরা ফসল করতি পারি সরকারের কাছে এটাই আমাদের দাবি।’
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী দৈনিক দেশরূপান্তরকে বলেন, বিভিন্ন বিল থেকে কচুরিপানা নদ-নদীতে নামছে, তা পরিষ্কার করার জন্য আমাদের কোন ফান্ড নেই।
Reporter Name 


























