আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপি চেয়ারপরসনকে উদ্দেশ করে বলেন, নির্বাচন বর্জন করে মানুষ হত্যা করে কী পেলেন এবং ভবিষ্যতে কী পাবেন-সেটা আপনাকে ভাবতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন বর্জন অত্যন্ত বেদনার। গণতন্ত্র ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। যারা কথায় কথায় নির্বাচন বর্জন করে, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায় না। ৫ জানুয়ারি তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা খালেদা জিয়ার ভুল ছিল মন্তব্য করে তিনি বলেন, ক্যান্টনমেন্ট থেকে ইউনিফর্ম পরে সাজোয়া গাড়িতে করে কেউ খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়ে দেবে না।
দেশে চলমান গণতন্ত্রের ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, দীর্ঘ সংগ্রামে আজ গণতন্ত্রের ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে। আগামী দিনে গণতন্ত্র আরো শক্তিশালী হলে নির্বাচনে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার হবে না। সেনাবাহিনীর দরকার হবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা থাকলে দেশে এগিয়ে যাবে। গণতন্ত্রের চর্চা না থাকলে দেশে সুশাসন থাকবে না।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্মসাধারণ সম্পাদক ডা: দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা প্রমুখ।
Reporter Name 
























