শপথ নিয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহ্যবাহী দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথ বাক্য পাঠ করান। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁকে রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তর করেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রায় ১২ শতাধিক বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মূল শপথ গ্রহণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে যোগ দিতে এর আগেই বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে কূটনীতিকদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়।
শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ সম্পন্ন হলে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের কর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন।
ঘোষিত ফল অনুসারে, ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।
Reporter Name 






















