নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, রাষ্ট্রপতি পদের জন্য তার চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের কাছে নিজের এমন অভিপ্রায় ব্যক্ত করেন আমির খসরু।
অর্থমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর চেয়ে ভালো চয়েজ তো হতে পারে না। দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল-জুলুম সহ্য করে এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, কষ্ট করেছেন।’
তিনি বলেন, ‘যে আন্দোলন-সংগ্রামের বিনিময়ে আমরা আজকের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি। নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটি সংসদ ও সরকার গঠিত হয়েছে। সেই আন্দোলন ও সংগ্রামে তার ভূমিকা অগ্রভাগে ছিল, আমরা তা সবাই জানি। তিনি একজন সৎ ও যোগ্য মানুষ। আমি আনন্দিত যে, এরকম একজন মানুষ প্রেসিডেন্টের চেয়ার অলংকৃত করতে যাচ্ছেন।’
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শেষ কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, আমার মনে হয় জনগণ তা ভুলেই গেছে। আজকে একটি নির্বাচিত সংসদে প্রেসিডেন্ট নির্বাচন হলো সেটিও আমাদের জন্য বড় পাওয়া। এই গণতান্ত্রিক ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে।’
তিনি বলেন, যে গণতান্ত্রিক ধারা ফিরে পাওয়ার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এবং নির্যাতিত হয়েছে, সেই ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে। এটা থাকলে আমাদের প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সবাই মিলে সেই বাংলাদেশ গড়তে পারব।’
নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা কী জানতে চাইলে আমির খসরু বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের টর্চ প্যায়ারার হিসেবে আজ এখানে আসছেন। সেই গণতন্ত্র যাতে অব্যাহত থাকে এবং সেখানে তার ভূমিকা বিগত দিনে যা ছিল এখনো যাতে তাই থাকে।’
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
Reporter Name 























