সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসা করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘‘তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন।’’
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানান তিনি।
বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী চার দিনের সফরে সিলেট আসেন। বিমানবন্দরে সাম্প্রতিক মাজার ইস্যু ও জেলা প্রশাসক প্রত্যাহার নিয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন।
জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ‘‘উনি (সারওয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা সেদিকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।’’
মন্ত্রী বলেন, ‘‘এ ধরণের (মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা) স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সবাত্মক সহযোগিতা করব এবং আমরা সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করব। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’’
তিনি বলেন, ‘‘আমি দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর গতকাল (মঙ্গলবার) সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। আমরা সবাই একমত। মাজার নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব। খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’’
জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বদলির বিষয়টা রুটিন ওয়ার্ক। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়। এটা এই ঘটনার (মাজার ইস্যু) সঙ্গে সংযুক্ত নয়। এটা আগে-পরেও হতে পারত।’’
সম্প্রতি কাতারে সড়ক দুর্ঘটনা সিলেটের ৫ প্রবাসী নিহতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘‘নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। নিহতদের পরিবারকেও সব ধরনের সহযোগিতা করা হবে।’’
মন্ত্রী জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চিকিৎসা, নিরাপত্তা ও বিশ্রামাগারসহ নানা বিষয়ে উদ্যোগ নিশ্চিত করা হচ্ছে। এ সময় প্রশাসন ও বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার (১৮ জুন) হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগে সিলগালা করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারে দানবাক্স বসানো হয়েছে। মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার কথা বলে ডেগ সিলাগালা করে প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়।
তবে এ নিয়ে মাজার সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। তারা মাজারে প্রশাসনিক হস্তক্ষেপের নিন্দা জানান। সমালোচনার মধ্যে রবিবার (২১ জুন) জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার এই হঠাৎ প্রত্যাহার সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ জানিয়ে রবি ও সোমবার সিলেটে বিক্ষোভ করা হয়।
সিলেট ছাড়ার আগে সোমবার (২২ জুন) তড়িঘড়ি করে জেলা প্রশাসক মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগ নেন। ৭০০ বছরের ইতিহাসের প্রথমবারের মতো শাহজালাল (রহ.) মাজারের টাকা প্রকাশ্যে গণনা হয়। এতে চার দিনে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা পাওয়া যায়।
Reporter Name 
























