জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে কিশোরগঞ্জ জেলার ছয় কৃতি সন্তানের গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁদের এই অর্জন শুধু কিশোরগঞ্জের জন্যই গর্বের নয়, বরং জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক শক্তিকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যাশাও জাগিয়েছে।
বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম-এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পাওয়া কিশোরগঞ্জের এই ছয় নেতা।
সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল এবং যুবদলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর কাছে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে দিকনির্দেশনা কামনা করেন।
এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং গণতান্ত্রিক মূল্যবোধ বাস্তবায়নে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে যুবদলের নেতারা প্রতিমন্ত্রী শরিফুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রীও নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, যুগ্ম সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সবুজ, সাহিত্যও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মূর্তজা কামাল মুশতাক এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম আক্তার।
উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত এই ছয় নেতাই কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান। তাঁদের পদপ্রাপ্তি ও সক্রিয় সাংগঠনিক ভূমিকা জেলার নেতাকর্মীদের মাঝে নতুন আশাবাদ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষ, শিক্ষিত, অভিজ্ঞ ও ত্যাগী এই নেতৃত্ব যুবদলকে আরও সুসংগঠিত, জনমুখী এবং শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে কিশোরগঞ্জের রাজনীতিতেও তাঁদের এই অর্জন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
Reporter Name 






















