সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকা ছাড়াও সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, দিনাজপুর, চাঁদপুর ও মৌলভীবাজারসহ বেশ কিছু জেলার নির্দিষ্ট কিছু এলাকার বাসিন্দারা আজ ঈদের আনন্দ ও জামাতে শামিল হয়েছেন। উল্লেখ্য, এসব এলাকার মানুষ প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদুল ফিতরও উদযাপন করে থাকেন।
ঢাকা : রাজধানীর পান্থপথে অবস্থিত সামুরাই কনভেনশন সেন্টারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’-এর উদ্যোগে সকাল সাড়ে ৭টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নারীসহ কয়েকশ মুসল্লি অংশ নেন।
মৌলভীবাজার : মৌলভীবাজারেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার একটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় আয়োজিত এই জামাতে স্থানীয় শতাধিক নারী ও পুরুষ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন মাওলানা আবদুল মাওফিক চৌধুরী।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জানা গেছে, গত প্রায় ১৫ বছর ধরে স্থানীয় একটি অংশ সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে এভাবে ঈদ উদযাপন করে আসছে।
পটুয়াখালী : পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ আগাম ঈদুল আজহা উদযাপন করছেন। সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার ঐতিহ্যবাহী বদরপুর দরবার শরিফ মাঠে ঈদের মূল জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল গনি।
ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, মৌডুবি; বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ; কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া এবং পটুয়াখালী শহরের নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া ও দক্ষিণ দেবপুর।
বদরপুর দরবার শরিফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, ১৯২৮ সাল থেকে এই দরবারের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখা শুরু করেন। এরই ধারাবাহিকতায় তারা একদিন আগে ঈদুল ফিতর এবং আজ পশু কোরবানির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা পালন করছেন।
ঝালকাঠি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডহরশংকর গ্রামের দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার।
সকাল সাড়ে ৭টায় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব মো. আব্দুল্লাহ। সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, ২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছি। শুরুতে এ নিয়ে নানা বাধার সম্মুখীন হতে হলেও বর্তমানে আর কোনো সমস্যা নেই।
বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলাতেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এই জামাত অনুষ্ঠিত হয়। এতে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সের অর্ধশত মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই জামাতে গাবতলী ছাড়াও কাহালু ও ধুনট উপজেলা থেকে আসা কিছুসংখ্যক মুসল্লি অংশ নেন। তবে সকালের বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে নামাজ শুরু হয়। খোলা মাঠের পরিবর্তে নামাজটি মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার দূর-দূরান্তের অনেক মুসল্লি জামাতে শরিক হতে পারেননি।
Reporter Name 





















