কোমড়ে বাঁশের তৈরি বিশেষ ধরণের যন্ত্রপাতি রাখার খাচাঁ, শরীরে রশি পেচাঁনো, হাতে দা বা কাঁচি। প্রতি বছর একটি বিশেষ সময়ে এই পেশার মানুষদের দেখা মিলে। স্থানীয়রা তাদের ‘গাছি’ বলেই সম্বোধন করেন।
সারা বছরের অপেক্ষা শেষে শীতের শুরুতেই তাদের দেখা মিলে গ্রাম-গঞ্জের খেজুর গাছে। তারা খেজুর গাছ থেকে রস আহরণ করে থাকে। অনেকে জীবিকা নির্বাহ করার জন্য আবার অনেকে শখের বসে খেজুরের রস খাবে বলে রস আহরণ করে থাকে।
অরণ্য শোভিত গাজীপুরের বেশির ভাগ অঞ্চলেই এখন খেজুরের রস আহরণের ধুম লেগেছে। স্থানীয় ‘গাছি’ ছাড়াও অন্য জেলার গাছিরা রস আহরণে পারি জমিয়েছে গাজীপুরে।
শীতের সকালে ঠান্ডা খেজুর রস ভোজন পিঁপাসি মানুষের কাছে খুবই প্রিয়। খেজুর রসের মিষ্টি সুস্বাদ-কে না ভালোবাসে। তবে খেজুরের রস পেতে হলে বেশ কিছু কাজ করতে হয় গাছিদেরকে। শীতের শুরুতেই এসব গাছিরা বেশ ব্যস্ত হয়ে পড়েন। খুব সকালে এদের দেখা মিলে গ্রামের কোন এক খেজুর গাছে।
নিবিড় মনে তারা ব্যস্ত সময় পার করেন খেজুরের রস আহরণে। টানা কয়েকদিনের পরিশ্রমের ফলস্বরুপ মিলে হাড়ি ভর্তি খেজুর রস। পরে তা বিভিন্ন প্রক্রিয়ায় খেজুর গুড় তৈরী করে এবং বিক্রি করে লাভবান হয়। অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে এ থেকে।
রস আহরণের জন্য গাছিরা প্রথমে হাতে দা ও কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠে নিপুণ হাতে গাছ চাছা-ছোলা করে। পরে ছোলা স্থানে কাঠের তৈরি বিশেষ ধরনের নল বসানো হয়। সেই নল বেয়ে নেমে আসে সুস্বাদু খেজুর রস। আবার পাখিরা যাতে রস না খেতে পারে আর কোনো জীবাণু না ছড়াতে পারে সেজন্য জাল বিছাতে হয়। একবার গাছ কাটার পর প্রথমে ২-৩ দিন রস পাওয়া যায়।
পরে রসের জন্য গাছ একবার কাটার পর ৫-৬ দিন বিশ্রাম দেয়া হয়। রৌদ্রে কাটা অংশ শুকিয়ে গেলে আবার ওই অংশ চেছে রস সংগ্রহ করা হয়। আর এ কারণেই সাধারণত খেজুর গাছ পূর্ব ও পশ্চিম দিকে কাটা হয়, যাতে সূর্যের আলো সরাসরি ওই কাটা অংশে পড়ে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গাজীপুরের সবকটি উপজেলার বেশির ভাগ গ্রামেই খেজুরের রস আহরণে ব্যস্ত সময় পার করছেন গাছিয়ালরা। জেলার কালিয়াকৈর, গাজীপুর সদর, শ্রীপুর, কালিগঞ্জ, কাপাসিয়াসহ বেশির ভাগ গ্রামেই ধুম ব্যস্ততা চলছে খেজুরের রস আহরণে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বড়ইছুটি গ্রামে বাসা ভাড়া করে খেজুরের রস আহরণ করে আসছে ফরিদপুরের হারুন শিকদার নামের এক ‘গাছি’। কথা হয় তার সাথে। তিনি জানান, ছোট বেলা থেকেই তিনি খেজুরের রস আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
গাজীপুরের বিভিন্ন এলাকায় ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি এ কাজ করে আসছেন। তার বাবা’র হাতেই শিখেছিলেন খেজুরের রস আহরণ করার পদ্ধতি। তার পর থেকে সে এ পেশায় নিজেকে মানিয়ে নিয়েছেন। শীত মৌসুমে তিনি খেজুরের রস আহরণ করে তা থেকে গুড় তৈরি করে এবং বাজারে বিক্রি করে। তাছাড়া সকাল বেলা স্থানীয় বাজারে খুচরা হিসাবে কাচা রস বিক্রি বিক্রি করে। ১০ টাকায় এক গ্লাস।
তিনি আরও জানান, খেজুর গাছের মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েই তিনি খেজুরের রস আহরণ করে থাকে। প্রত্যেকটি খেজুর গাছ থেকে ২ কেজি খেজুর রস অথবা ২ কেজি খেজুরের গুড় এমন চুক্তির ভিত্তিতেই রস আহরণ করার অনুমতি পায় সে। এ বছর তিনি ৩০ টি খেজুর গাছ থেকে রস আহরণ করবেন বলেও জানান।
একটি খেজুর গাছ থেকে গড়ে দিনে ১ কেজি আবার কোন কোন গাছ থেকে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত রস আহরণ করা সম্ভব হয়। পরে আহরিত রস থেকে তৈরি হয় খেজুরের গুড়।
কাঁচা খেজুর রসের চাইতে খেজুর রসের জেলী, পাটালি গুড়ের চাহিদা অনেক বেশী। খেজুর রস আগুনে জ্বাল দিয়ে রস ঘন করে গুড় তৈরী করা হয়। এই গুড় দিয়ে সারা বছর মিঠা পায়েশ তৈরী করা যায়। ঐতিহ্যের বাহক এ খেজুরের রস।
শীতের দিনে বিভিন্ন ধরণের পিঠা-পুলি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে খেজুরের গুড়। গ্রাম-বাংলার চিরায়িত রুপ খেজুরের রস আহরণ। হাড় কাপাঁনো শীতের সকালে খেজুরের গুড় দিয়ে তৈরি নানা ধরণের পিঠা-পুলি খাওয়া চিরায়িত বাঙ্গালী জাতির এ যেন ঐতিহ্যগত।
Reporter Name 
























