নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় কথিত অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বালালী গ্রামের নতুন পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন—আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের চারিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহিন মিয়া (৩১) এবং মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী (নতুন পাড়া) এলাকার কাইয়ুম মিয়ার মেয়ে কলি আক্তার (১৯)।
জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে পরকীয়া সম্পর্কে রূপ নেয় বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় শাহিন মিয়া মিষ্টি ও পান-সুপারি নিয়ে কলি আক্তারের বাড়িতে আসেন এবং সেখানেই রাতযাপন করেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা নজরদারি শুরু করেন।
বুধবার সকালে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, তবে তারা পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়িত। স্থানীয়দের দাবি, দু’জনই বিবাহিত—যদিও শাহিন মিয়ার স্ত্রী প্রায় দেড় বছর আগে মারা গেছেন এবং কলি আক্তারের স্বামীর বাড়ি যশোরে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাদের আটক করে থানায় আনা হয়েছে।” তিনি আরও জানান, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
Reporter Name 
























