প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— সাবেক সচিব বিজন কান্তি সরকার, তানভীর গণি, মো. শাকিরুল ইসলাম খান এবং মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী হয়েছেন দুজন। তাদের একজন সাবেক সচিব বিজন কান্তি সরকার। তাকে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্য প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত বিশেষ সহকারী তানভীর গণি বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক দায়িত্ব পালন করবেন। তিনি এশিয়ার সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টাইবোর্ন ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা ও সভাপতি।
এছাড়া মো. শাকিরুল ইসলাম খানকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে। আর মো. সাইয়েদ বিন আবদুল্লাহ যুব কর্মসংস্থান বিষয়ক কার্যক্রম তদারকি করবেন।
সরকারের বিভিন্ন খাতে কার্যক্রম জোরদার ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Reporter Name 





















