সংবাদ জনগণের কাছে পৌঁছানের আগে প্রতিটি গণমাধ্যমকে ওই খবরের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইলে এবং অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।বিকৃত তথ্য ও অপতথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি ধ্বংস তো হবেই এমনকি নানান রকম বিশৃঙ্খলা ও তৈরি হতে পারে। অপতথ্য ছড়ানোর ঝুঁকি মোকাবিলায় ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা করতে হবে।
‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না’ উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানের আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে।অপতথ্য ছড়ানোর যে ঝুঁকি সেটা মোকাবিলা করার জন্য ফ্যাক্ট চেকিংয়ের শর্তটা আমরা জুড়ে দেব গণমাধ্যমের দায়িত্বশীলতাকে নিশ্চিত করার জন্য।আমি বিশ্বাস করি সৎ সাংবাদিকরা আমাদের এ ভূমিকাকে সমর্থন করবেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, ফ্যাসিবাদ যখন ছিল তখন তথ্য প্রবাহকে তার মতো করে নিয়ন্ত্রণ করতে চাইত।পৃথিবীতে ফ্যাসিবাদ তাই করে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা বুঝি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।পুরো তথ্য ব্যবস্থাপনাকে সময় উপযোগী করা হবে।
সাঁথিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক মীর নজমুল বারী নাহীদের সভাপতিত্বে এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফার খালিদ হাসান পরাগ, সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক মিয়া রানা, জয়নুল আবেদীন রানা, আলী আহসান মনজু ও প্রতিষ্ঠাতা সদস্য রতন দাস, প্রেস ক্লাবের আহ্বায়ক কিমটির সদস্য খালেকুজ্জামান পান্নু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন, উপজেলা যুবদল নেতা আশিফ আল আলীম রাজিব, তাঁতীদল নেতা কামরুল ইসলাম প্রমুখ।
Reporter Name 






















