রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে নিজেই কবরে নেমে দাফন কাজে অংশ নেন তিনি।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। তার এই মানবিক কাজের ছবি ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের প্রশংসায় ভাসতে থাকেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। পথিমধ্যে সড়কের পাশে একটি কবরস্থানে দাফন কাজ চলতে দেখে তাৎক্ষণিকভাবে গাড়িবহর থামিয়ে সেখানে যান এবং কোনো দ্বিধা ছাড়াই সরাসরি দাফন কাজে অংশ নেন।
প্রত্যক্ষদর্শী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. এনামুল কাদির জানান, প্রটোকল উপেক্ষা করে প্রতিমন্ত্রী গাড়ি থেকে নেমে সোজা কবরস্থানে চলে যান। পরে তিনি নিজেই কবরে নেমে লাশ খাটিয়া থেকে নামিয়ে দাফনের কাজে অংশগ্রহণ করেন। একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখে উপস্থিত সবাই অভিভূত হন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, একজন প্রতিমন্ত্রী এভাবে সাধারণ মানুষের লাশের খাটিয়া ধরবেন এবং কবরে নেমে দাফন করবেন—এটি বিরল ঘটনা। তার এই সাদামাটা জীবনযাপন ও মানুষের প্রতি আন্তরিকতা সবাইকে মুগ্ধ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পদের অহংকার ভুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন দৃশ্য বর্তমান সময়ে বিরল। একজন জনপ্রতিনিধির এই মানবিক আচরণ সমাজের অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে তিনি তার গন্তব্যের উদ্দেশে রওনা হন।
Reporter Name 




















