প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুর পর থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে নানা ধরণের আবেগ, অনুভূতি, স্মৃতিচারণ করছেন তার বন্ধু, সহকর্মী, নেতাকর্মীরা। এমনকি শাকিলের সঙ্গে অনেকের তোলা ছবিও পোস্ট করছেন। শুধু দেশে নয়, প্রবাসীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেসবুকে।
সুইজারল্যান্ড প্রবাসী ব্লগার অমি রহমান পিয়াল নিজের ফেসবুক প্রোফাইল পিকচারই পরিবর্তন করেছেন। মাহবুবুল হক শাকিলের শেষ কবিতা আর কালো ব্যানারে শোকার্ত ছবিটি অনেকে শেয়ার করেছেন এবং আবেগময় মন্তব্য করেছেন।
মাহবুবুল হক শাকিলের সহকর্মী ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন তার ফেসবুকে লিখেছেন, ‘বিজয়ের মাসে আমার সারাজীবনের শোক । দীর্ঘ ১৯ বছরের সুখ দুঃখের ভাই যেখানেই থাকেন ভালো থাকেন..। এছাড়া মাহবুবুল হক শাকিলকে আবেগী রাজকুমার উল্লেখ করে তার সঙ্গে নিজের ছবি এবং শাকিলের কবরের ছবিও ফেসবুকে প্রকাশ করেছেন।
দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার আলী আসিফ শাওন তার ফেসবুক ওয়ালে শাকিলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনার প্রিয় সামদাদো রেস্টুরেন্টে কোনো এক আড্ডার ফাকে ফ্রেমবন্দী। সেই সামদাদোতেই আপনার নিথর দেহ দেখবো এমনটা ভাবি নি কখনো! ওপারে ভালো থাকেবন প্রিয় শাকিল ভাই। আপনার এই শূণ্যতা পূরণ হওয়ার নয়। পৃথিবী একজন ভালো মানুষকে হারালো আজ।’
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল আমিন ছাত্রলীগ নিয়ে মাহবুবুল হক শাকিলের ভাবনা প্রকাশ করেছেন। যা হচ্ছে-‘মাঝে মধ্যে ভাবি ছাত্রলীগ জীবনের কত কিছুই না কেড়ে নিয়েছে, পরঃক্ষণে ভাবি, ছাত্রলীগ যা নিয়েছে, দিয়েছে তার চেয়েও বেশি। -মাহবুবুল হক শাকিল ভাই।’
দৈনিক প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক শরীফুল হাসান মাহবুবুল হক শাকিলকে নিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস পোস্ট করেছেন। তার সঙ্গে দীর্ঘ স্মৃতিও তুলে ধরেছেন। তবে ছাত্রলীগের শোকবার্তায় ভুল করা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। শাকিলকে ভালোবেসে শরীফুল ইসলাম লিখেছেন, ‘সাড়ে তিন বছর আগে লিখেছিলাম শাকিল ভাইকে নিয়ে। শর্ত ছিলো তাঁর নাম দেবো না। আজও আমার সেই রাতের কথা মনে আছে। এরপরে দেখা হয়েছে আরও কতোবার। কতোবার কথা হয়েছে। কিন্তু টানা একদিনের অাড্ডা অার হয়নি। অার কোনদিন হবেও না। লাভ ইউ Mahbubul Hoque Shakil ভাই।’
ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরিন নুসরাত মিশা তার ফেসবুক ওয়ালের কভার পিকে মাহবুবুল হক শাকিলের ছবি ব্যবহার করেছেন। শাকিলে মৃত্যুতে নিজের স্ট্যাটাসে লিখেছেন, I am really shocked!
বাংলােদশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রনি মাহবুবুল হক শাকিলের সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন। শাকিলকে ফোন দিয়ে নিজের ৫ হাজার টাকা দরকার এমন একটি অভিজ্ঞতা তুলে ধরেছেন। এছাড়া শাকিলের সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসটিও প্রকাশ করেছেন নিজের ওয়ালে।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হাসানুর রহমান হাসু তার ফেসবুকের কভার পিকে মাহবুবুল হক শাকিলের ছবি ব্যবহার করেছেন। এছাড়া তিনি সর্বশেষ বইমেলাতে শাকিলের হাত থেকে নেয়া একটি কবিতার বই উপহার নেয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না কোন ভাবেই, অপূরনীয় ক্ষতি হয়ে গেল। ভাল থাকবেন শাকিল ভাই না ফেরার দেশে।তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’
Reporter Name 






















