পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত কবরস্থানে যান। এসময় তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই ঈদে তিনি আল্লাহর কাছে এমন একটি বাংলাদেশ গড়ার তৌফিক কামনা করেছেন, যা মানুষের প্রত্যাশা পূরণ করবে। তিনি দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে সরকার কাজ করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এবং তাদের আত্মত্যাগের চেতনা ধারণ করেই দেশ এগিয়ে নেওয়া হবে।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন তিনি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে পরিবারের সঙ্গে সময় কাটান বলে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তিনি।
Reporter Name 




















